ইন্সটাগ্রামের মাধ্যমে শিশু বিক্রির দায়ে ইরানে গ্রেফতার তিন
ছবি শেয়ার করার সামাজিক যোগাযোগ অ্যাপ ইন্সটাগ্রাম ব্যবহার করে দু’টি শিশুকে বিক্রির চেষ্টার দায়ে ইরানে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা এ খবর জানিয়েছে।
এক প্রতিবেদনে তারা জানায়, বিক্রির চেষ্টা করা শিশু দু’টিকে উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের বয়স ২০ দিন ও অপর জনের বয়স দুই মাস।
তেহরান পুলিশ প্রধান হোসেইন রাহিমি জানিয়েছেন, তারা অপরাধী চক্রটির কাছ থেকে তৃতীয় আরেকটি শিশুর কথা জানতে পেরেছেন। তবে তার অবস্থান সম্পর্কে এখনো জানা যায়নি।
তিনি জানান, চক্রটি মূলত হত-দরিদ্র বিভিন্ন পরিবারের কাছ থেকে ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ মূল্যে নবজাতক শিশুদেরকে ক্রয় করে বিভিন্ন নিঃসন্তান ধনী দম্পতির কাছে দুই হাজার থেকে আড়াই হাজার মার্কিন ডলার অর্থ মূল্যে বিক্রি করে। আর এই বিক্রি প্রক্রিয়ার প্রাথমিক মাধ্যম হিসেবে তারা ব্যবহার করে ইন্সটাগ্রাম’কে।
ইরানে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। গত বছরও দেশটির গর্গান প্রদেশে একই ধরনের ঘটনায় জড়িত থাকার দায়ে চার নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছিলো পুলিশ। চক্রটি মূলত দরিদ্র নারীরা গর্ভবতী থাকা অবস্থাতেই তাদের সঙ্গে চুক্তি করে নিতো, এমনকি সন্তান প্রসবের সময়কার হাসপাতাল বিলও পরিশোধ করতো।
এদিকে দেশটিতে চলতে থাকা এ ধরনের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছে ইরানের নারী ও শিশু মন্ত্রণালয়। তারা জানিয়েছে, মূলত বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে দেশে চলমান দারিদ্রতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। এছাড়া মাদকাসক্তি ও বাল্য বিবাহও এসবের জন্য দায়ী।