ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

এবার তেলেঙ্গানার বিধায়ক হারালেন ভারতের নাগরিকত্ব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৪, ২১ নভেম্বর ২০১৯
এবার তেলেঙ্গানার বিধায়ক হারালেন ভারতের নাগরিকত্ব
রমেশ চেন্নামানেনি। ছবি: সংগৃহীত

এবার ভারতের নাগরিকত্ব হারিয়েছেন তেলেঙ্গানার টিআরএস বিধায়ক রমেশ চেন্নামানেনি। ভুল তথ্য দিয়ে ভোটার হওয়ার অভিযোগে তার নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে।

বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রমেশ চেন্নামানেনির ভারতীয় নাগরিকত্ব থাকাটা জনহিতকর নয়। এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৩ পাতার একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।

এতে আরো বলা হয়, রমেশ জার্মান নাগরিক। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আগে এক বছরের বিদেশ সফর করেছিলেন। অথচ আবেদনপত্রে বিষয়টি সম্পূর্ণ গোপন করেছেন। এ নিয়ম বহির্ভূত কাজের জন্যই তার নাগরিকত্ব হারাতে হয়েছে।

এর আগে  ২০১৭ সালে তেলেঙ্গানার এ বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে। সে সময় কেন্দ্র থেকে তার নাগরিকত্ব বাতিল করলে রমেশ হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট থেকে কেন্দ্রকে বিষয়টি পুনরায় যাচাই করতে নির্দেশ দেয়া হয়। বুধবার সে বিষয়ে ফের প্রতিবেদন দাখিল করা হল।

ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন সংক্রান্ত নির্দেশিকায় স্পষ্ট বলা আছে, যেকোনো অভারতীয় (অনুপ্রবেশকারী নয়) এই নাগরিকত্ব পেতে পারেন যদি তিনি ১২ বছর ভারতবর্ষে থাকেন। এ সময়ের মধ্যে মোট ১১ বছর এ দেশে থাকতেই হবে। আবেদন করার আগে অন্তত ১২ মাস দেশ ছাড়া যাবে না।

রমেশের দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি রাজ্যে ক্ষমতাসীন। হায়াদরাবাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে ভেমুলাওয়াড়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জেতেন রমেশ। কেন্দ্রের প্রতিবেদনে তার বিধায়ক পদ নিয়েও প্রশ্ন উঠেছে। সূত্র- আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!