তেলেঙ্গানায় রাজস্ব কর্মকর্তাকে পুড়িয়ে হত্যা
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় এক রাজস্ব কর্মকর্তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
সোমবার জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিজয়া রেড্ডি নামের ওই কর্মকর্তাকে নিজ কার্যালয়েই পুড়িয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। তাকে বাঁচাতে যাওয়া এক কর্মচারীও মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া ঘটনাটির একটি ভিডিওতে সাহায্যের জন্য কাঁদতে থাকা বিজয়া রেড্ডির দিকে একজনকে কম্বল ছুড়ে দিতে দেখা গেছে।
এই ঘটনার প্রধান সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্ত কে সুরেশও আগুনে কিছুটা দগ্ধ হয়েছেন।
সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে আদালতের একটি শুনানি শেষে বিজয়া নিজ কার্যালয়ে ফিরে আসার পর এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিজয়ার চিৎকার শুনে দুই কর্মচারী চন্দ্রিয়া ও গুরুন্নাথাম তাকে বাঁচাতে ছুটে যান।
‘আমরা তার ঘরে ঢোকার চেষ্টা করতে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখি। বিজয়া পরে দরজা খুলতে সক্ষম হন এবং বেরিয়ে আসেন। আমরা সুরেশকে সরিয়ে নিতে চেষ্টা করি। এর মধ্যেই বিজয়া মাটিতে পড়ে যান; তখনই আমরা বুঝতে পারি যে আগুন সবখানে ছড়িয়ে পড়েছে,” হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুন্নাথম বলেছিলেন। মঙ্গলবার তার মৃত্যু হয়।
সোমবার ঘটনার পরপরই সুরেশকে দগ্ধ অবস্থায় ভবনটি থেকে বেরিয়ে আসতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ পরে তাকে রাস্তা থেকে আটক করে হাসপাতালে ভর্তি করে।
তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের ৩২ কিলোমিটার দূরের শহর আব্দুল্লাহপুরমেটে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ কমিশনার মহেশ ভগত বলেছেন, ‘একজন ব্যক্তি একাই এই কাণ্ড ঘটিয়েছেন, নাকি অন্য কেউ তাকে সাহায্য করেছেন, তা খতিয়ে দেখছি আমরা।’
অভিযুক্ত সুরেশ নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তার পরিবার জমিজমা সংক্রান্ত এক বিরোধের মামলায় আদালতে লড়ছে।
‘জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটা মামলা আছে। আমি ও আমার ভাই সেটি দেখছে। কেন সুরেশ কর্মকর্তার সঙ্গে দেখা করতে গেল, তা জানিনা আমরা,’ স্থানীয় গণমাধ্যমকে এমনটাই বলেছেন সুরেশের বাবা কৃষ্ণ।
বিজয়াকে পুড়িয়ে হত্যার অভিযোগে তিনদিনের কর্মবিরতি ঘোষণা করেছে তেলেঙ্গানার রেভেনিউ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।