মিউজকে নানা ডিভাইসে যুক্ত করবে মেটা
মেটার ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘মিউজ’কে বিভিন্ন ধরনের ডিভাইসের সঙ্গে যুক্ত করার সুযোগ দিতে নতুন প্রকল্প চালু করেছে প্রতিষ্ঠানটি। ‘মিউজ গ্যাজেটস’ নামের এই উদ্যোগের মাধ্যমে নির্মাতা ও প্রযুক্তিপ্রেমীরা মিউজের সঙ্গে সংযুক্ত নিজস্ব ডিভাইস তৈরি করতে পারবেন।
শুক্রবার প্রকল্পটি চালুর ঘোষণা দেয় মেটা। এতে উন্মুক্ত উৎসের ডিভাইস তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও লিনাক্সভিত্তিক সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল রাখা হয়েছে। মিউজের সঙ্গে কী ধরনের ডিভাইস সংযুক্ত করা সম্ভব, তার কয়েকটি উদাহরণও তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।
.png)
মেটার তথ্য অনুযায়ী, মিউজের সঙ্গে রঙিন ইলেকট্রনিক পেপার ডিসপ্লে যুক্ত করা যাবে। টেলিভিশনের এইচডিএমআই পোর্টে সংযুক্ত করা যায়—এমন ডিভাইসও তৈরি করা সম্ভব। পাশাপাশি কম খরচের রাসবেরি পাই কিংবা ইএসপি৩২ বোর্ড ব্যবহার করেও মিউজের সঙ্গে বিভিন্ন ডিভাইস সংযোগ করা যাবে।
এসব ডিভাইসে ডিসপ্লে, বোতাম, বিভিন্ন ধরনের সেন্সর ও নিয়ন্ত্রণব্যবস্থা যুক্ত করার সুযোগ থাকবে। প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় আগ্রহীদের সহযোগিতার জন্য একটি ডিসকর্ড চ্যানেলও চালু করেছে মেটা।
মেটা নিজেও ‘মিউজ হোম লিংক’ নামে একটি নমুনা ডিভাইস তৈরি করেছে। প্রতিষ্ঠানটির সুপারইন্টেলিজেন্স ল্যাবসের পণ্য বিভাগের প্রধান নাট ফ্রিডম্যান জানান, ইউএসবি-সি সংযোগের এই ডিভাইসের মাধ্যমে মিউজকে ঘরের নেটওয়ার্কে যুক্ত করা যায়। এরপর মিউজ ওই নেটওয়ার্কে থাকা স্মার্ট টেলিভিশন, স্পিকারসহ বিভিন্ন স্মার্ট ডিভাইসের সঙ্গে যোগাযোগ করতে পারে।
মেটা মিউজ হোম লিংকের ৫ হাজার ইউনিট তৈরি করেছে। মিউজ ব্যবহারকারীদের মধ্যে মজুত থাকা পর্যন্ত ডিভাইসগুলো বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ফ্রিডম্যানের প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিভাইসটির প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে।
মিউজ গ্যাজেটস প্রকল্পটি সাধারণ ব্যবহারকারীদের মধ্যে কতটা জনপ্রিয় হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে এই উদ্যোগের মাধ্যমে মিউজকে শুধু স্বতন্ত্র এআই সহকারী হিসেবে নয়, বিভিন্ন ডিভাইস ও সেবার সঙ্গে সংযুক্ত একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাইছে মেটা।
এর আগে ছোট ব্যবসার জন্য মিউজের নতুন সংস্করণও চালু করেছে মেটা। এতে শপিফাই, ড্রপবক্স ও স্ল্যাকের মতো সেবার সঙ্গে মিউজ সংযুক্ত করা যায়। পাশাপাশি ব্যবসায়িক ও করপোরেট গ্রাহকদের জন্য এআই সেবা সম্প্রসারণে নতুন ব্যবসায়িক ইউনিটও চালু করেছে প্রতিষ্ঠানটি।