ঢাকা,  শুক্রবার   ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়

সাদিকা আক্তার 
প্রকাশিত: ১২:৫৭, ১২ নভেম্বর ২০১৯
ফ্রিজের দুর্গন্ধ দূর করার সহজ উপায়
ছবি: সংগৃহীত

রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি বলুন তো? যা ছাড়া রান্না করার কথা চিন্তাই করা যায় না! লবণ, তবে এটি কি শুধু রান্নার স্বাদই বৃদ্ধি করে? অবশ্যই না, এর কিছু ভিন্ন ব্যবহারও আছে যা আমাদের কাছে অজানা। আসুন জেনে নেই সাধারণ লবণের কিছু অসাধারণ ব্যবহার সম্পর্কে- 

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে

ফ্রিজ অনেক দুর্গন্ধ হয়ে গিয়েছে? খুব সহজেই দূর করে দিতে পারবে লবণ। কুসুম গরম লবণ পানি দিয়ে ফ্রিজ ধুয়ে নিন। এতে ফ্রিজের দুর্গন্ধ অনেকাংশেই দূর হয়ে যাবে। ফ্রিজে এক ধরণের তরতাজা ভাব চলে আসবে, খাবারেও গন্ধ হবে না।

Advertisement

এনামেলের পাত্র থেকে খাবারের দাগ তুলতে

লোহার জিনিসের ওপরে এনামেলের প্রলেপ লাগানো থাকে যার ওপর খুব সহজেই দাগ পড়ে যায়। এই সমস্যা সমাধানে রাতে অর্ধেকটা পাত্র পানি দিয়ে ভরে এতে ২ টেবিল চামচ লবণ দিয়ে পুরো রাত রেখে দিন। সকালে উঠে পাত্রটি চুলায় দিয়ে পানি ফুটিয়ে নিন এবং পানি ফেলে সাধারণ ডিশ স্ক্রাবার দিয়ে আলতো ঘষেই তুলে ফেলতে পারবেন পোড়া দাগ।

চুলার ওপরের তেল কালি দূর করতে

রান্নার সময় চুলার আশেপাশে এবং চুলার ওপরে তেল মশলা পড়ে তেলতেল ভাব হতেই পারে। কিন্তু সমস্যা হচ্ছে এই তেল চিটচিটে ভাব সাবান পানি দিয়ে পুরোপুরি পরিষ্কার করা সম্ভব নয়। কুসুম গরম পানিতে লবণ গুলিয়ে একটি কাপড় ভিজিয়ে ভালো করে মুছে নিন। সমস্যার সমাধান।

দুধ নষ্ট হওয়া প্রতিরোধে

বেশিদিন দুধ রেখে দিলে তা পরবর্তীতে জ্বাল দেয়ার সময় ফেটে যায়। এই সমস্যা সমাধানে দুধে ১ চিমটি লবণ সামান্য পানিতে মিশিয়ে দিয়ে দিন। বেশ লম্বা সময় দুধ নষ্ট হবে না।

কেটে রাখা আপেল ও আলু তাজা রাখতে

আলু ও আপেল কেটে রাখলে বাদামী হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। এক কাজ করুন, লবণ পানিতে ডুবিয়ে রাখুন। দেখবেন অনেকটা সময় বাদামী দাগ পড়ছে না।

কাঁসার থালা পরিষ্কারে

কাঁসার থালা বাসনের উজ্জ্বলতা বৃদ্ধিতে কাঁসার থালা বাসন পরিষ্কার করতে লবণ, ভিনেগার এবং ময়দা একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে থালা বাসন পরিষ্কার করুন। দেখুন তো কেমন চকচকে করছে।

রুপার জিনিস পরিষ্কারে

রুপার জিনিসপত্র মাসে একবার লবণ পানিতে ভিজিয়ে নিন। এটি রুপার জিনিসপত্রকে চকচকে করে তুলবে। এমনকি আপনার রুপার গয়না ১৫ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখুন। আর দেখুন রুপার গয়না কেমন নতুনের মত চকচকে করছে।

ফুলদানি পরিষ্কারে

ফুলদানিতে ফুল সাজানো অনেকের অভ্যাস। অনেকদিন পানি রেখে দিলে ফুলদানিতে পানির দাগ পড়ে যায়। লবণ পানি দিয়ে এই দাগ দূর করা সম্ভব। লবণ পানি ফুলদানিতে দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিন। এরপর সাবান পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ দূর হয়ে গেছে।

জিন্স পরিষ্কার করতে

জিন্স পরিষ্কার করতেও লবণ বেশ কার্যকরী। পানিতে ডিটারজেন্ট এবং এক কাপ লবণ মিশিয়ে ময়লা জিন্স ১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর পানি ফেলে দিন এবং জিন্সটি ধুয়ে ফেলুন। এটি জিন্সের ময়লা পরিষ্কার করে ফেলবে।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!