ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

পর্যটন খাতে ২৪ হাজার কর্মী নেবে আমিরাত

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৪, ২৯ এপ্রিল ২০২৪
পর্যটন খাতে ২৪ হাজার কর্মী নেবে আমিরাত
ফাইল ফটো

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দিনদিন বেড়েই চলেছে সমগ্র পৃথিবী থেকে আগত পর্যটক। তাই বিকাশমান এ খাতে প্রতি বছর নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে।

দেশটির পর্যটন শিল্পে শুধু চলতি বছরেই প্রায় ২৪ হাজার নতুন কর্মী যোগ দেবে বলে এক আর্থিক প্রতিবেদনে জানিয়েছে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি)।

দ্য ন্যাশনাল নিউজ জানায়, এক সময় আরব আমিরাতের অর্থনীতি তেলের ওপর নির্ভরশীল ছিল। সাম্প্রতিক বছরগুলিতে, সংযুক্ত আরব আমিরাত সেই নির্ভরতা থেকে দূরে অর্থনৈতিক বৈচিত্র্যকরণের নীতি বাস্তবায়ন করেছে।

Advertisement

ইউএইতে ২০২৪ সালে ভ্রমণ ও পর্যটন খাতে ২৩ হাজার ৬০০ কর্মসংস্থান তৈরি হবে বলে জানানো হয় প্রতিবেদনে। সব মিলিয়ে খাতটিতে মোট কর্মীর সংখ্যা ৮ লাখ ৩৩ হাজারে পৌঁছাবে।

পূর্বাভাস অনুযায়ী, আরব আমিরাতে শিল্পটির কর্মীর সংখ্যা গত বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বাড়বে, এতে ২০১৯ সালের তুলনায় এ সংখ্যা দাঁড়াবে ১৪ দশমিক ৭ শতাংশ বেশি।

এদিকে ২০২৩ সালে দেশটিতে এ খাতে কর্মীর সংখ্যা ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে ৮ লাখ ৯ হাজার ৩০০-এ দাঁড়িয়েছিল। ডব্লিউটিটিসির রিপোর্টে বলা হয়েছে, আগামী দশকে ইউএইর ভ্রমণ ও পর্যটন শিল্পে মোট কর্মসংস্থান দাঁড়াবে ৯ লাখ ২৮ হাজারের বেশি।

দেশটির আন্তর্জাতিক দর্শনার্থীদের ব্যয় ২০২৪ সালের মধ্যে বার্ষিক ৯.৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ হাজার ২০০ কোটি আমিরাতি দিরহামে পৌঁছানোর অনুমান করা হয়েছে। অভ্যন্তরীণ দর্শনার্থীদের ব্যয় ৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৮০০ কোটি দিরহাম হতে পারে।

প্রসঙ্গত, ২০৩৪ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ ও পর্যটন খাত বার্ষিক জিডিপিতে ২৭.৫ বিলিয়ন দিরহামের বেশি অবদান রাখবে। এ খাতটি দেশের অর্থনীতির প্রায় ১১ শতাংশ প্রতিনিধিত্ব করবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আরব আমিরাত
লিংক সফলভাবে কপি হয়েছে!