শনিবার রাতে দেশটির সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে এ ঘটনা ঘটে।
নিহত শাহিনুর রহমানের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দক্ষিণ বালুখণ্ড গ্রামে এবং ইব্রাহিম আখন্দ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা। দুজনই ইনট্রোকামেন্টো শহরের পর্তুগিজ মালিকাধীন একটি ওয়ার্কশপের কর্মী ছিলেন। মাত্র ৪ দিন আগে নতুন এ প্রতিষ্ঠানে যোগ দেন তারা।
.png)
জানা গেছে, সন্ধ্যার পর কাজ শেষে কোম্পানির গাড়িতে বাসায় ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শাহিনুর ও ইব্রাহিম মারা যান। এছাড়া আহত হন তিন পর্তুগিজ নাগরিক। একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য লিসবনে পাঠানো হয়েছে। অন্য ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুই বাংলাদেশির মরদেহ সান্তারাইম সেন্ট্রাল হাসপাতালে রাখা হয়েছে। মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি।