নীলাঞ্জনা নীলা আবারও মোশাররফ করিমের সঙ্গে
অন্যতম জনপ্রিয় ও ভার্সেটাইল অভিনেতা বাংলাদেশের নাট্যাঙ্গনের মোশাররফ করিমের সঙ্গে আবারও একটি নাটকে অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। নাটকের নাম ‘জামাই মানে যন্ত্র-না’। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন।
নাটকটি নির্মাণ করেছেন তরুণ মেধাবী পরিচালক সরদার রোকন। এরই মধ্যে নাটকটির নির্মাণকাজ শেষ হয়েছে। মোশাররফ করিমের সঙ্গে এর আগেও নীলা বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিলেন। সব নাটকই দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে। নীলার প্রত্যাশা এই নাটকটিও দর্শক দারুণভাবে গ্রহণ করবেন। সরদার রোকন বলেন, ‘মোশাররফ করিম ভাই বাংলাদেশের নাট্যাঙ্গনের ভীষণ গুণী এবং মেধাবী একজন অভিনেতা।
তার অভিনয় জীবনে তিনি বহু ধরনের চরিত্রে অভিনয় করেই তিনি নিজেকে একজন জাত অভিনেতা হিসেবে অনেক আগেই প্রমাণ করেছেন। একজন নির্মাতা হিসেবেও তার সঙ্গে যখন আমি কাজ করি, আমিও অনেক কিছুই শিখি তার কাছে। মোশাররফ ভাইকে নিয়ে খোকনের রচনায় জামাই মানে যন্ত্র-না নাটকটিতে নীলাঞ্জনা নীলাও বেশ চমৎকার অভিনয় করেছে।
আমি খুবই আশাবাদী নাটকটি নিয়ে।’ মোশাররফ করিম বলেন, ‘সরদার রোকন বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করেছে। গল্পটা অন্যরকম এবং নীলা আগের চেয়ে ভালো অভিনয় করার চেষ্টা করেছে।’ নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে আগেও কয়েকটি নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে অভিনয় করাটা শুরুর দিকে বেশ ভয়েরই ছিল। দিনের পর দিন তার সঙ্গে কাজ করাটা এখন ভীষণ উপভোগ্য হয়ে উঠছে।
তা ছাড়া মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করা মানেই হলো অভিনয়ে বহু কিছু জানা এবং শেখা। জামাই মানে যন্ত্র-না নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ সরদার রোকন জানান, শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচারে আসবে। মোশাররফ করিম সর্বশেষ সরদার রোকনের পরিচালনায় ‘ভাঙ্গারির বউ রাজরানি’ নাটকে অভিনয় করেছিলেন। তারও আগে সরদার রোকনের পরিচালনায় মোশাররফ করিম ‘রেডিও জয়নাল’ ও ‘ইনজেকশন মতিন’ নাটকে অভিনয় করেছিলেন।