ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

স্পর্শিয়া বললেন, নতুন কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:২২, ১০ সেপ্টেম্বর ২০২৬
স্পর্শিয়া বললেন, নতুন কিছু একটা হতে যাচ্ছে বাংলাদেশে
অর্চিতা স্পর্শিয়া ।। ছবি: সংগৃহীত

অর্চিতা স্পর্শিয়া সাম্প্রতিক সময়ে পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরছেন। এবার লাল রঙের রহস্যময় এক চরিত্র নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। ‘লালপরী অ্যান্ড দ্য রেড কার’ নামের নতুন নাটকে তাকে দেখা যাবে ‘লালপরী’ চরিত্রে। নাটকটি নির্মাণ করেছেন জোবায়ের আবির পিয়াল। স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন ফররুখ আহমেদ রেহান।

নাটকটির পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে এটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। প্রকাশিত ঝলকে টুকটুকে লাল সাজে স্পর্শিয়ার উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি টিজারের ভৌতিক আবহ তৈরি করেছে বাড়তি কৌতূহল। দর্শকের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রীও। তার ভাষ্য, একটি কাজের পেছনে শিল্পীদের অনেক শ্রম থাকে। সেই কাজ দর্শকের ভালো লাগলে সেটিই তাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

Advertisement

তবে ‘লালপরী অ্যান্ড দ্য রেড কার’-এর গল্প কিংবা চরিত্রের রহস্য এখনই পুরোপুরি খোলাসা করতে চাইছেন না স্পর্শিয়া। টিজারে ভৌতিক আবহ থাকার বিষয়টি সামনে এলে রহস্য রেখেই অভিনেত্রী জানিয়েছেন, বাংলাদেশে নতুন ধরনের কিছু একটা হতে যাচ্ছে।

এদিকে নতুন নাটকের পাশাপাশি আরেকটি আলোচিত কাজের শেষ পর্বের দিকেও এগিয়ে যাচ্ছেন স্পর্শিয়া। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ তার ‘স্পর্শ’ চরিত্রটি ইতোমধ্যেই দর্শকের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছে। এক বছর ধরে ধারাবাহিকটির সঙ্গে যুক্ত থাকার কারণে কাজটি শেষ হয়ে যাওয়ার ভাবনাটাও আবেগী করে তুলছে তাকে।

স্পর্শিয়ার কথায়, দীর্ঘ সময় একসঙ্গে কাজ করতে গিয়ে সহশিল্পী ও কলাকুশলীদের সঙ্গে তৈরি হয়েছে ঘনিষ্ঠতা। শুটিংয়ের ব্যস্ততা, আড্ডা, হাসি-ঠাট্টা কিংবা একসঙ্গে সময় কাটানোর স্মৃতিগুলোই এখন কাজটি শেষ হওয়ার কথা ভাবলে মন খারাপের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর সুবাদে দীর্ঘ বিরতির পর তৌসিফ মাহবুব ও স্পর্শিয়াকে একই পর্দায় দেখছেন দর্শক। তাদের জুটি নিয়েও সামাজিক মাধ্যমে নানা মন্তব্য দেখা যাচ্ছে। তবে পর্দার রসায়নকে বাস্তব জীবনের সম্পর্কের সঙ্গে মেলাতে নারাজ স্পর্শিয়া। দুজনেই বিবাহিত এবং নিজেদের সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধএ কারণে এমন কোনো সম্ভাবনাই নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

দর্শকের এমন মন্তব্যকে অবশ্য বিরূপভাবে দেখছেন না অভিনেত্রী। বরং কোনো জুটিকে দর্শক পছন্দ করলে সেখান থেকেই এ ধরনের মন্তব্য আসে বলে মনে করেন তিনি। তাই বিষয়টিকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন স্পর্শিয়া।

ডেইলি-বাংলাদেশ/DB-N-07
লিংক সফলভাবে কপি হয়েছে!