হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার অসুস্থতা ও মৃত্যুকে ঘিরে বিভ্রান্তিকর নানা তথ্য ছড়িয়ে পড়েছে। কয়েকটি পোস্টে দাবি করা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। তবে এসব তথ্য সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তাঁর একমাত্র মেয়ে তানি লায়লা।
ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের ছবি শেয়ার করেছেন তানি। তিনি অভিযোগ করেন, সামান্য অর্থ উপার্জনের আশায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ও ছবি এবং ভুয়া খবর ছড়ানো হচ্ছে।
.png)
তানি লেখেন, এ ধরনের পোস্ট, এআই-নির্ভর ইউটিউব ভিডিও ও ভুয়া খবর দেখে তিনি ‘বিরক্ত ও অতিষ্ঠ’ হয়ে পড়েছেন। এসব কনটেন্টের বিরুদ্ধে একে একে রিপোর্ট করার কথাও জানান তিনি, যতক্ষণ না সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করেন।
তিনি আরও বলেন, তাঁর মা জীবনের ছয় দশক সংগীতের সেবায় উৎসর্গ করেছেন। অথচ তাঁকে ঘিরে এ ধরনের মিথ্যা ও অসম্মানজনক তথ্য ছড়ানো অত্যন্ত দুঃখজনক ও লজ্জার।
তানি স্পষ্ট করে বলেন, ‘আমার মা সম্পূর্ণ সুস্থ ও জীবিত আছেন; কেউ মারা যাননি বা মৃত্যুর মুখেও নেই।’ তাঁর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিগুলো এআইয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে।
গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে তানি বলেন, রুনা লায়লাকে নিয়ে কোনো তথ্য প্রকাশের আগে যেন তা যাচাই করা হয় এবং যথাযথ সতর্কতা অবলম্বন করা হয়। একই সঙ্গে রুনা লায়লার অনুসারীদের এসব ভুয়া কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করার আহ্বান জানান তিনি।
রুনা লায়লাকে নিয়ে এ ধরনের গুজব এবারই প্রথম নয়। প্রায় চার মাস আগে ভারতের দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে যাওয়ার সময়ও তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল।
পরে বিষয়টি গুজব বলে নিজেই নিশ্চিত করেন রুনা লায়লা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানান, তিনি সুস্থ ও জীবিত আছেন।
সেসময় রুনা লায়লা লিখেছিলেন, তাঁর মৃত্যু নিয়ে অদ্ভুত কিছু গুজব ছড়ানো হয়েছে। তিনি সবাইকে অনুরোধ করেন, এ ধরনের কোনো পোস্ট শেয়ার করার আগে যেন তথ্য যাচাই করে নেওয়া হয়। এ ধরনের মিথ্যা তথ্য তাঁর ও তাঁর পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক বলেও জানান তিনি।
তাই সামাজিক যোগাযোগমাধ্যমে রুনা লায়লার অসুস্থতা বা মৃত্যুর বিষয়ে ছড়িয়ে পড়া পোস্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তানি লায়লা। একই সঙ্গে এআই-নির্ভর ভুয়া কনটেন্ট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।