ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আমাদের জীবন একটাই: সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ২ ডিসেম্বর ২০২৩
আমাদের জীবন একটাই: সুবর্ণা মুস্তাফা
ছবি: সুবর্ণা মুস্তাফা

বরেণ্য অভিনয়শিল্পী, নির্মাতা ও আবৃত্তিকার সুবর্ণা মুস্তাফা। অভিনয়ের রুচিশীলতা ও মিষ্টি হাসির কারণে এই তারকাকে বর্তমান প্রজন্মের প্রায় সব অভিনেত্রী আদর্শ মনে করেন। আজ এই দেশবরেণ্য এই মানুষটির জন্মদিন। শুভ জন্মদিন গুণী অভিনেত্রী। 

জন্মদিনের উদযাপন নিয়ে দেশীয় একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুবর্ণা মুস্তাফা জানান,  এই বয়সে জন্মদিন নিয়ে কী বলব! তবে যে কোনো জন্মদিনই কিন্তু দারুণ চমকপ্রদ হয়। জন্মদিন মানেই আরও একটা বছর জীবনের সঙ্গে যুক্ত হওয়া। অভিজ্ঞতার ঝুলি ঋদ্ধ হওয়া। খুব ছোটবেলায় যখন আমার বয়স ছয় কি সাত বছর হবে। সেই সময় বাড়িতে বেশ ধুমধাম করে জন্মদিন উদযাপন করা হয়েছিল। এরপর আর কখনও ঠিক সেভাবে বাসাতে কেক কেটে, আত্মীয়স্বজন-বন্ধুদের দাওয়াত দিয়ে জন্মদিনের অনুষ্ঠান করা হয়নি। 

তিনি আরো জানান, যেহেতু স্কুল-কলেজ জীবনে ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা থাকত, তাই জন্মদিনের অনুষ্ঠান করারও সুযোগ থাকত না। এই বয়সে এসে জন্মদিনে সব সময় যা হয়, এদিন সন্ধ্যায় সহকর্মী ও বন্ধুরা আসে। এ ছাড়াও এমনিতে সারাদিন ধরে ফোনে শুভেচ্ছা জানান শুভাকাঙ্ক্ষীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই আমাকে নিয়ে লেখেন, যা ভালো লাগে।  

Advertisement

জন্মদিন এলে কাকে মনে পড়ে এমন এক প্রশ্নে তিনি বলেন, জন্মদিন এলেই যে একজন ব্যক্তিকে বিশেষভাবে স্মরণ করতে হবে, মনে করতে হবে– এটা আমার বুবা [বাবা গোলাম মুস্তাফা] কখনও ভাবতেন না। তিনি সব সময় আমাকে বলতেন, তোকে এমন কিছু কাজ করতে হবে, যে কাজের কারণেই মানুষ তোকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাই আমি মনে করি, একজন কৃষক হোক, শিক্ষক হোক কিংবা একজন রন্ধনশিল্পী হোক না কেন, তিনি যদি তার কাজে চূড়ান্ত সাফল্য আনতে পারেন, তাঁর কাজের কারণেই তিনি মানুষের মনে থাকবেন, স্মরণে থাকবেন।

জীবনের মানে বলতে সুবর্ণা মুস্তাফা কি ভাবে দেখন, সেটাই বলেছেন অকপটে। তিনি বলেন, আমাদের জীবন একটাই। তাই আমি সব সময় মনে করি, জীবনকে যতটা উদযাপন করা যায় ততটাই ভালো। এই উদযাপন কাজে, সম্পর্কে ও জীবনযাপনের মধ্য দিয়ে হতে হয়। সুতরাং এনজয় ইওর লাইফ। তার মানে কিন্তু এই নয়, জীবনে আপনি সব সময় নাচ-গানের মধ্য দিয়ে পার করবেন। 

‘কোথাও কেউ নেই’ নাটকের এই অভিনেত্রী বলেন, একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, তার ঠিক ৫ মিনিটের মধ্যে আমরা মানে জীবিতরা বলতে শুরু করি, বডিটা কোথায় বা লাশটা নামানো হয়েছে কিনা। সেই চলে যাওয়া মানুষটির নামটাও পর্যন্ত অনেকে বলি না। মারা যাওয়ার পর আমরা সবাই একটি লাশ অথবা নিথর দেহ মাত্র। তাই তো জীবিত অবস্থায় জীবন পূর্ণভাবে উদযাপন করা উচিত। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আগামী দিনগুলো আনন্দে কাটাতে পারি।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!