৩ বছর পর একসঙ্গে সিয়াম-পূজা, বউ বা গার্লফ্রেন্ডসহ আমন্ত্রণ করলেন
সিয়াম-পূজা অভিনীত বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’ মুক্তি পাচ্ছে আগামী ৭ জানুয়ারী। এ ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো এবং দীর্ঘ তিন বছর পর আবারো একসঙ্গে পর্দায় ধরা দিলেন তারা। সর্বশেষ এ জুটির দহন ছবি মুক্তি পায় ২০১৮ সালের নভেম্বর।
‘শান’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার (০৪ জানুয়ারি) রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক এম রহিম, সিয়াম আহমেদ, পূজা চেরী, সিনেমার খল-অভিনেতা মিশা সওদাগর এবং শান ছবির প্রযোজক ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, অভিনেতা নাদের চৌধুরী ও প্রধান ডিওপি শাহীনসহ ছবিটির অন্যান্য কলাকুশলীরা।
নতুন বছরে প্রেক্ষাগৃহে প্রথম চলচ্চিত্র হতে যাচ্ছে ‘শান’। সিনেমাটিতে দেখা যাবে সিয়াম ও পূজার রসায়ন। তাই বউ ও গার্লফ্রেন্ড নিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে এসে দেখতে বললেন নায়ক। মূলত মজার ছলেই আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
মিট দ্য প্রেসে ‘শান’ ছবিটি মুক্তির পর সবাইকে হলে গিয়ে দেখার আহ্বান জানান অতিথিরা।
সিয়াম বলেন, সিনেমাটি নিয়ে তিনটি বছর রাহিম ভাই যে পরিশ্রম করেছেন, তার জন্য একটা হাততালি দরকার। অন্তত রাহিমের পরিশ্রমের জন্য হলেও আমি বলবো, আপনারা চলচ্চিত্রটি দেখুন। সিনেমা হলে আসুন, আমাদের পাশে থাকুন। আশা করছি নিরাশ হবেন না।
পূজা চেরী বলেন, আমার মনে হয় এর আগে যত সিনেমা করেছি কিংবা এরপরে আমি যত সিনেমা করবো, তার মধ্যে ‘শান’ আমার লাইফের একটা বেস্ট সিনেমা হয়ে থাকবে। ৭ জানুয়ারি রিলিজ হচ্ছেন, প্রায় তিন বছর অপেক্ষা করেছি এটির জন্য। আপনারা ‘শান’ সিনেমা হলে এসে দেখুন, ভালো লাগলেও বলুন না লাগলেও বলুন। আপনাদের বউ, গার্লফ্রেন্ড যারা আছে তাদের নিয়ে ‘শান’ দেখতে আসুন। মানে পরিবার নিয়ে আসুন।
সিয়াম-পূজা ছাড়াও এতে আরো অভিনয় করেছেন হাসান ইমাম, অরুণা বিশ্বাস, চম্পা, মুরাদ পারভেজ, ডন ও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তাসকিন রহমান।
‘শান’র গল্প লিখেছেন আজাদ খান; চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নাজিম উদ দৌলা। ফিল্মম্যানের প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া।