‘মুক্তি’র ঘোষণা
চলচ্চিত্র নির্মাতা ইফতেখার চৌধুরী প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় হাত দিলেন। তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিতব্য আগামী ছবি ‘মুক্তি’র নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে, যা পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী নিজেই। খোঁজ – দ্য সার্চ, দেহরক্ষী, অগ্নি, রাজত্ব, অ্যাকশন জেসমিন, অগ্নি-২, ওয়ানওয়ে, নীলিমা, বিজলী’সহ বেশ কিছু ব্যবসাসফল চলচ্চিত্র পরিচালনার পর মুক্তিই হতে যাচ্ছে তার প্রযোজিত ও পরিচালিত প্রথম সিনেমা।
রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক পরিচালক ইফতেখার চৌধুরী ও ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গুঞ্জন রহমান। এ সময় জানানো হয় এই ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করবেন নবাগত রাজ রিপা।
ইফতেখার চৌধুরী বলেন, ‘মুক্তি’ সিনেমায় মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। আমি কয়েকজন অভিনেত্রীর গুণ বাচাই করি। তার মধ্য থেকে রাজ রিপাকে আমার সিনেমার জন্য পরিপূর্ণ গুনী অভিনেত্রী মনে হয়েছে। একজন অভিনেত্রীর মধ্যে যে সমস্ত কার্য গুণাবলী থাকা দরকার তা রাজ রিপার মধ্যে পেয়েছি।
‘মুক্তি’র চরিত্রটির কাহিনী সম্পর্কে পরিচালক বলেন, নোয়াখালী জেলার পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত একশন-থ্রিলার ধাঁচের সিনেমা, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন।
আগামী দুই সপ্তাহের মধ্যে ছবির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।তবে তা করোনা পরিস্থিতির উন্নতি-সাপেক্ষে। অন্যথায় সীমিত আকারে অনুষ্ঠিত মহরত অনুষ্ঠানের খবর ভার্চুয়ালি ঘোষণা করা হবে।