অ্যালেন শুভ্র এবং ইভানার ‘গালে হলুদ’
করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকার পর অর্থনীতির চাকা সচল করতে সীমিত আকারে খুলে দেয়া হয়েছে অনেক কিছুই। তবে এই করোনার মধ্যে ঘরোয়াভাবেও বিয়ে করেছেন অনেকেই। আর এবার হবে অ্যালেন শুভ্র এবং ইভানার ‘গালে হলুদ’।
ঘটনা হলো আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মাহফুজুর রহমান রচিত এবং এনায়েত শিপুল পরিচালিত নির্মিত হয়েছে নাটক ‘গালে হলুদ’। সাত পর্বের কমেডি ধাঁচের এই নাটকটি ঈদের দিন থেকে একটানা সাতদিন প্রচারিত হবে মাইটিভিতে রাত ৯টা ২০ মিনিটে।
নাটকের গল্পে দেখা যাবে, আজই বিয়ে করবো এই অভিপ্রায়ে ঘর থেকে বেরিয়ে আসা গীতির কাছে সার্থকের একটাই শর্ত, বাসর হবে ভাওয়ালের গভীর বনে গাছের ডালে। চাঁদের আলোয় নববধূর শিশিরসিক্ত মুখ দেখতে চায় সে। এক রাতেই ওরা বুঝে ফেলে, বিশ্বব্যাপী সমস্যা সংকুল বন, পর্বত শীর্ষ, অরণ্য আর উত্থাল সাগরে ছড়িয়ে থাকা ভয়মাখা আনন্দগুলোই বিশ্বসেরা। বাবার অগাধ সম্পদের নরম বিছানায় গা এলিয়ে জীবনটা কাটিয়ে দেয়ার ভেতর কোনো সুখ নেই। তারা প্রতিজ্ঞা করে, বাকী জীবনটা কাটাবে সাগরে-অরণ্যে, পাহাড়ে-গিরিখাদে। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, ইভানা, তানভীর, সানিতা সামান্তা, শামিমা নাজনিন, হায়দার আলি, আজম খান, এস. এম. মহসিন, শামিম ভিস্তি, জুলফিকার চঞ্চল ও মহসিন রনি এবং আরো অনেকে।