ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষকদের সেপ্টেম্বরের এমপিও নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের এমপিও নিয়ে নতুন নির্দেশনা
সংগৃহীত ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর ২০২৬ মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠাতে আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বিল সাবমিট করতে হবে। এদিন বিকেল ৩টার মধ্যে অনলাইনে বিল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

রোববার (১৩ সেপ্টেম্বর) অধিদপ্তরের এমপিও শাখা থেকে জারি করা এক নোটিশে প্রতিষ্ঠান প্রধানদের এ নির্দেশ দেওয়া হয়।

Advertisement

নোটিশে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে ‘বিল সাবমিট’ অপশন চালু করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের ‘টেমিস’ সফটওয়্যারে লগইন করে আগের নিয়মে ‘মান্থলি স্যালারি সাবমিশন’ অপশনে গিয়ে সেপ্টেম্বর মাসের বিল সাবমিট করতে হবে।

কোনো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর চাকরির অবস্থায় পরিবর্তন হয়ে থাকলে সেটিও অনলাইনে হালনাগাদ করতে হবে।

কোনো শিক্ষক-কর্মচারী মারা গেলে, পদত্যাগ করলে বা অবসরে গেলে ‘নন-গভর্নমেন্ট এমপ্লয়ি ইএফটি এমপ্লয়ি স্ট্যাটাস চেঞ্জ’ অপশনে গিয়ে সংশ্লিষ্ট তথ্য এন্ট্রি করতে বলা হয়েছে।

এ ছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি কিংবা অন্য কোনো কারণে বিধি অনুযায়ী কোনো শিক্ষক-কর্মচারীর আংশিক বা পুরো বেতন কাটা বা বন্ধ করার প্রয়োজন হলে বিল সাবমিটের সময় তা উল্লেখ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে বিল সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। নোটিশে আরও বলা হয়েছে, ইএফটির মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের এমপিওর টাকা পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

ভুল তথ্যের কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা পাঠাতে সমস্যা হলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!