ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এমবিবিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেল

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৫, ৮ নভেম্বর ২০২৪
এমবিবিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানা গেল
এমবিবিএস ভর্তি পরীক্ষা- ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে। পবিত্র শবে বরাত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় এই সময়ে পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা অধিদফতর।

জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আয়োজনের ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত ছিল স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের। তবে ঐদিন পবিত্র শবে বরাত হতে পারে। ফলে শবে বরাত ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন কারণ বিবেচনায় নিয়ে পরীক্ষা আয়োজনের তারিখ এগিয়ে আনা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, গত ২৯ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের অভ্যন্তরীণ সভায় মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষা এগিয়ে আনার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

ডা. রুবীনা ইয়াসমীন আরো জানান, আগামী ১৭ জানুয়ারি এ পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। পরীক্ষার তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সেটি বিজ্ঞপ্তিতে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!