ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ঢাবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, সুযোগ নেই সেকেন্ড টাইমের

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০২, ৩০ অক্টোবর ২০২৪
ঢাবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, সুযোগ নেই সেকেন্ড টাইমের
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, ২০১৯ সন থেকে ২০২২ পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাবি বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবে। যার ফলে বিগত বছরগুলোর মতো এ বছরও অংশ নেয়ার সুযোগ পাচ্ছে না সেকেন্ড টাইমারেরা।

আগামী ৪ নভেম্বর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হবে। যা চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা https://admission.eis.du.ac.bd মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৫ জানুয়ারি, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ৮ ফেব্রুয়ারি এবং ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

Advertisement

সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবিএ ও ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, কোটায় ভর্তি, সমতা নিরূপণ ও ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ের খেলোয়াড় কোটায় ভর্তি বিজ্ঞপ্তি পৃথকভাবে পত্রিকায় প্রকাশ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!