পাঠকদের জন্য কুবি শিক্ষার্থীর বইমেলা
বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সুলভ মূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে বইমেলার আয়োজন করা হয়েছে। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বইমেলা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত।
কুবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আল আরাফাত আমিন রাফি ও একই বিভাগের সহযোগী সংগঠন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হয়েছে।
তিন দিনব্যাপী মেলার দুই দিনেই কয়েক শতাধিক বই বিক্রি হয়েছে বিভিন্ন স্টলে। বই ছাড়াও প্রয়োজনীয় স্টেশনারি সামগ্রী, দই, চকলেট, কেক নিয়েও মেলায় হাজির হয় বিক্রেতারা।
বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ছোট-বড় ১১টি স্টলে সাজানো হাজারো রঙবেরঙের বই। পরিচিত অপরিচিত লেখকের বইয়ের সুগন্ধি ছড়িয়ে পড়েছে চারদিক। স্টলের সামনে বইপ্রেমীদের ভিড়, কেউ বই কিনছেন কেউ বিক্রেতার সঙ্গে দর কষাকষিতে ব্যস্ত। আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখক প্রকাশকের নাম দেখছেন, কেউ বা বইয়ের শিরোনাম দেখে সহপাঠীর সঙ্গে আলাপ করছেন। পুরো প্রাঙ্গণ জুড়ে সকাল থেকে ছিল বইপ্রেমীদের ভিড়। বইমেলায় ১১টি স্টলে ছিল গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, আত্মজীবনী, অনুবাদ গ্রন্থ, বাংলা-ইংরেজি উভয় সাহিত্যের বই।
বইমেলায় ঘুরতে আসা একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। তারা বলেন, আমাদের কাছে বইমেলা বলতে জাতীয় বইমেলায় ছিল একমাত্র উদাহরণ। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এমন আয়োজন খুবই ব্যতিক্রমী।
এদিকে বইমেলার আয়োজন বিষয়ে জানতে চাইলে আল আরাফাত আমিন রাফি বলেন, অনেক আগে থেকেই আমার পরিকল্পনা ছিল ক্যাম্পাসে একটি বইমেলা আয়োজনের। বিভাগের সহযোগিতায় সেটা আমি শুরু করতে পেরেছি। প্রথম দিন থেকে বই প্রেমীদের ব্যাপক সাড়া পাচ্ছি। এর আগে হয়ত আমাদের ক্যাম্পাসে বইমেলা আয়োজন হয়নি। এখন থেকে আমরা প্রতিবছর করব।
তিনি আরো বলেন, বইপ্রেমীরা জন্য এই বইমেলায় সুলভ মূল্যে বই পাওয়ার সুযোগ করে দিয়েছে। প্রথমদিন সকাল থেকে রাত ১টা পর্যন্ত বইমেলা চলে। আজ এবং কালকেও সারাদিন বইমেলা চলবে।