ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

পিএইচডি স্কলারশিপ সুবিধা বৃদ্ধিতে ইউজিসির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৩, ২১ ডিসেম্বর ২০২৩
পিএইচডি স্কলারশিপ সুবিধা বৃদ্ধিতে ইউজিসির উদ্যোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার সুযোগ-সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। অর্থনৈতিক সংকটকালীন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে ব্যয় সংকোচন করা হলেও পিএইচডি স্কলারশিপ সুবিধা কমানো হয়নি। বরং বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পিএইচডি সম্পন্ন করার জন্য স্কলারশিপ চালু হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা বিভাগীয় কর্মচারী (শিক্ষক) কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ইউজিসির অতিরিক্ত পরিচালক শাহীন সিরাজের সঞ্চালনায় ও ইউজিসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের। 

Advertisement

অধ্যাপক সাজ্জাদ হোসেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার জন্য নির্বিঘ্ন পরিবেশ অত্যাবশ্যক। এসবের জন্য শিক্ষাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশ দরকার। শিক্ষকদের অর্জিত পিএইচডি জাতির কোনো কল্যাণে আসছে কি না সেটি দেখতে হবে। এছাড়া, সরকারি স্কুল-কলেজের পিএইচডি ডিগ্রিধারী শিক্ষকরা বাড়তি আর্থিক সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে।

অধ্যাপক আবু তাহের বলেন, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং গবেষণার তথ্য ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করতে হবে। গবেষণার ডাটাবেজ তৈরি করতে ইউজসি উদ্যোগ গ্রহণ করছে। গবেষণার ফলাফলের ভিতিত্তে দেশ-বিদেশের শিল্প-উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হবেন। 

সেমিনারে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও কৃষি উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. কাজী আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটির অধ্যাপক ড. কাজী মুহাইমিন-আস-সাকিব, প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিয়ামুল নাসের, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন ও অধ্যাপক ড. আবেদা সুলতানা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খবির উদ্দিন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রাফিউদ্দিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবু বিন ইমরান উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ইউজিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!