ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নবীন শিক্ষকদের গবেষণামুখী হওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৫, ১৪ নভেম্বর ২০২৩
নবীন শিক্ষকদের গবেষণামুখী হওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
বিইউপি ওরিয়েন্টেশন প্রোগ্রাম- ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। এছাড়া তিনি গবেষণার মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করারও পরামর্শ দেন। 

মঙ্গলবার ইউজিসির সঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) নবনিযুক্ত শিক্ষকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ আহ্বান জানান।

নবীন শিক্ষকদের উদ্দেশে অধ্যাপক আলমগীর বলেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিজেদের সমাধান করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এবং গবেষণার মাধ্যমে সমস্যার সমাধান করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

Advertisement

তিনি আরো বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশায় আসতে হলে মানসিকভাবে তৈরি হতে হবে। মোহহীন দায়িত্ব পালন করতে হবে এবং শিক্ষকতা পেশা ও গবেষণা উপভোগ করতে হবে। জ্ঞান অন্বেষণে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। একইসঙ্গে যুগের চাহিদা অনুযায়ী যোগ্যতা ও দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, নবীন শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। ইউজিসি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য একটি ইনস্টিটিউট গড়ে তুলতে কাজ করছে। এর আওতায় শিগগিরই বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ৪ মাস মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিইউপির অফিস অব দ্য ইভালুয়েশন অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার জহিরুল আলম।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ইউজিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!