বাকৃবিতে ৮ কোটি ৫০ লাখ টাকার গবেষণা প্রকল্প চলমান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রিসার্চ সিস্টেম (বাউরেস) এ পর্যন্ত তিন হাজার চারশত ৭৬টি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে। বর্তমানে প্রায় ৫৭১ টির অধিক গবেষণা প্রবন্ধ চালু রয়েছে। এখন প্রতিবছর বাউরেস থেকে প্রায় ৩৫ কোটি টাকার গবেষণা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
এছাড়া এখন ৮ কোটি ৫০ লাখ টাকার গবেষণা প্রকল্প চলমান। এই পর্যন্ত ১২৫৯টি প্রকল্প সংবলিত তিনটি বই প্রকাশ করেছে বাউরেস। বাউরেসের পরিচালক হিসেবে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে প্রতিষ্ঠানের কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন বাউরেসের বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মো. আবু হাদী নূর আলী খান।
বৃহস্পতিবার (১২ মে) সকাল ১১টায় বাউরেসের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
.png)
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার সময়ে তিনটি বার্ষিক গবেষণা অগ্রগতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য ১১ জন কৃষককে প্রফেসর ড. আশরাফ আলী খান স্মৃতি কৃষি পুরস্কার প্রদান করা হয়েছে। গবেষণায় বিশেষ অবদানের জন্য ৫০ জন শিক্ষককে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এছাড়া গত দুই বছরে ৮টি জার্নাল প্রকাশ করা হয়েছে। বাউরেস কর্তৃক প্রকাশিত জার্নালটি আধুনিকায়ন করে সম্পূর্ণরূপে অটোমেশন করা হয়েছে।
ড. মো. আবু হাদী নূর আলী খান আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে গবেষণার আওতায় এনে গবেষণা বরাদ্দ দেয়া হয়েছে। যা বাউরেসের ইতিহাসে প্রথম। প্রায় ১ কোটি টাকা ঘাটতি নিয়ে দায়িত্ব গ্রহণ করার পর সকল ঘাটতি কাটিয়ে বর্তমানে সকল গবেষণা প্রকল্পের অধীনে প্রায় ৯ কোটি টাকা বাজেট বরাদ্দ দেয়া হয়েছে। আগামী জুলাইয়ে এটি ১১ কোটিতে উন্নীত করার চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে শুধু প্রভাষক ও সহকারি অধ্যাপকদের জন্য এই বছরের জানুয়ারি থেকে ৪৬টি গবেষণা প্রকল্পের জন্য প্রায় ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, গবেষণা প্রকল্পের ফলাফল প্রকাশনাকে উদ্বুদ্ধ করার জন্য বাউরেস কর্তৃক প্রতি আর্টিকেলের জন্য গবেষককে ক্ষেত্রবিশেষে ১০০ ডলার থেকে এক হাজার ডলার প্রদান করা হচ্ছে। গত দুই বছরে গবেষণা প্রকল্পের অধীনে ২৬৮ জন এমএস (মাস্টার্স) ফেলোকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা হারে মোট ২ কোটি ৭০ লাখ টাকা ফেলোশিপ প্রদান করা হয়েছে। অর্থ সহায়তা বৃদ্ধি ফলে ২০২১ সালে বাকৃবি গবেষকগণ ৫৫৮ টি গবেষণা প্রকল্প স্কোপাস জার্নালে প্রকাশ করেছেন, যা পূর্বের বছরের তুলনায় দ্বিগুণ। ইউজিসি থেকে বিশেষ বরাদ্দ, বিশ্ববিদ্যালয়ের বাজেট, দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে আসে এই গবেষণা প্রকল্পের অর্থ ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. এ কে এম মমিনুল ইসলাম, সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা , বাকৃবি জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ পরিচালক দীন মোহাম্মদ দীনু এবং বিভিন্ন জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা।