ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

হলে খাবারে নিম্নমান, বাড়তি দামে বাইরে খাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ৪ এপ্রিল ২০২২
হলে খাবারে নিম্নমান, বাড়তি দামে বাইরে খাচ্ছেন জাবি শিক্ষার্থীরা
শিক্ষার্থীদের খাবারের আরেক উৎস কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।

আবাসিক হলের ডাইনিংয়ের খাবারের বিষয়টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে এখনো উঠে আসে। একসময় দেশের একমাত্র আবাসিক এই বিশ্ববিদ্যালয়ের হলগুলোর ডাইনিংই ছিলো শিক্ষার্থীদের খাবারের প্রধান উৎস। তবে গত কয়েক বছরে চিত্র পাল্টেছে। নিম্নমানের কারণে দিন দিন হলের ডাইনিং ও ক্যানটিনের খাবার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন শিক্ষার্থীরা। 

এ ছাড়া কয়েকটি হলে ডাইনিং ও ক্যানটিন সুবিধা নেই। ফলে বাড়তি দামে হল সংলগ্ন খাবারের দোকান এবং বটতলার খাবারে আগ্রহী হয়ে উঠছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ডাইনিংয়ে দুপুর ও রাতের খাবার সরবরাহ করা হয়। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর আগে ডাইনিংয়ে প্রতি বেলার খাবার কুপন ২০ টাকা করে থাকলেও এখন হলভেদে তা করা হয়েছে ২৫ থেকে ৩০ টাকা। 

শিক্ষার্থীদের অভিযোগ, কুপনের দাম বাড়লেও খাবারের মান বাড়েনি। ডাইনিংয়ে যে ধরনের খাবার পরিবেশন হয় তাতে পুষ্টির চাহিদা পূরণ তো দূরের কথা, ক্ষুধাই মেটে না। মোটা চালের ভাতের সঙ্গে দেয়া মুরগি বা মাছ এতো ছোট করে টুকরো করা হয় যার চেয়ে ছোট করা সম্ভব নয়। একই চিত্র হলের ক্যানটিনেরও। সেখানেও খাবারের দাম বেড়েছে কিন্তু মানের কোনো উন্নতি হয়নি।

এ দিকে হলের ক্যানটিন ও খাবারের হোটেলগুলোতে বাকি খাওয়ার প্রবণতা আছে। দোকানদারদের ভাষ্য, অনেকেই বাকিতে খাবার খেয়ে পরে আর টাকা পরিশোধ করেন না। এমন অনেক শিক্ষার্থী ও ছাত্রনেতা আছেন যারা দোকানগুলোতে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বাকি খেয়ে ক্যাম্পাস ছেড়েছেন। এই বাকি ও ‘ফাও’ খাওয়া বন্ধ হলে খাবারের মান উন্নত করা সম্ভব বলে জানিয়েছেন ক্যানটিনের মালিকরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বটতলাসহ হলের বাইরের দোকানগুলোর খাবার অস্বাস্থ্যকর হলেও নিরুপায় হয়ে সেখানেই খেতে বাধ্য হন তারা। বহিরাগত ও দর্শনার্থীরা এসব দোকানে খাবার গ্রহণ করেন বলে দাম বেশি রাখা হয়; যা শিক্ষার্থীদের নাগালের বাইরে। সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অজুহাতে দোকানগুলোতে খাবারের দাম বাড়ানো হয়েছে।

স্থানভেদে এসব হোটেলে প্রতি প্লেট ভাত ১০ টাকা, প্রতি টুকরো মাছ ৪০-৬০ টাকা, মুরগির মাংস ৪০-৮০ টাকা, ডাল ও সবজি ১০-১৫ টাকা, ভর্তা ৫-১০ টাকা, গরুর মাংস ৭৫-১২০ টাকা, কবুতর ১০০ টাকা এবং ডিম ১৫-২৫ টাকা রাখা হয়।

শিক্ষার্থীদের খাবারের আরেক উৎস কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। খাবারে কোনো ধরনের ভর্তুকি না দেয়া হলেও ক্যাফেটেরিয়া পরিচালনার জন্য কর্মরতরা বিশ্ববিদ্যালয়ের বেতনে চাকরি করেন। তবু এখানকার খাবারের গুণমান নিয়ে অভিযোগ আছে। ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারে ভর্তুকি দিয়ে দাম কমানো ও গুণমান বাড়ানোর তাগাদা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী রাকিবুল রনি বলেন, ক্যাফেটেরিয়ায় খাবারের যে দাম রাখা হয় তাতে অনায়াসে আরো ভালো এবং স্বাস্থ্যকর খাবার পরিবেশন করা সম্ভব। কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়াকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমরা বারবার বলার পরও এর কোনো সুরাহা হয়নি।

এ সব বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক নূরুল আলম বলেন, হলের খাবারের মানের তদারকির জন্য প্রাধ্যক্ষদের নির্দেশনা দেয়া হয়েছে। এর বাইরে অন্যান্য খাবারের দোকানের তদারকি করতে একটি কমিটি রয়েছে। তারা খাবারের মান তদারকি করে। আর ক্যাফেটেরিয়ার খাবারের মান ভালো করার বিষয়ে আমি সংশ্লিষ্টদের বলব।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!