ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

জাহাঙ্গীরনগরে স্নাতক শেষ করার দাবিতে মানববন্ধন 

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ২৭ জানুয়ারি ২০২২
জাহাঙ্গীরনগরে স্নাতক শেষ করার দাবিতে মানববন্ধন 
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে ৪৬ তম ব্যাচের (২০১৬-১৭ সেশন) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা ফেব্রুয়ারি মাসের মধ্যে নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে ৪৬ তম ব্যাচের (২০১৬-১৭ সেশন) শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: জাবির ছাত্রকে লাঞ্ছিত করায় দুই ছাত্রী বহিষ্কার

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও সশরীরে বন্ধ রয়েছে সব একাডেমিক কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ফেব্রুয়ারির মধ্যে তাদের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ করে বিসিএস পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হবে। পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিংয়ে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

এ ছাড়া একই ব্যাচের বিগত পরীক্ষাগুলোর রেজাল্ট অতিদ্রুত প্রকাশ ও করোনার বন্ধে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তা নাহলে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন বলেও মানববন্ধনে হুঁশিয়ারি দেন।

আরো পড়ুন: উত্যক্ত করায় ২ বহিরাগতকে আটকালেন জাবি ছাত্রীরা

মানববন্ধনে বাংলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী জহির ফয়সালের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নুর হোসেন। এ সময় তিনি বলেন, পাঁচ বছরেও অনার্স শেষ করতে পারিনি। এখনও তৃতীয় বর্ষের রেজাল্ট পাইনি। এমনকি একই বর্ষে একাধিক ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস করছি। অন্য বিশ্ববিদ্যালয়ে আমাদের সেশনের বন্ধুরা শিক্ষাজীবন শেষ করে চাকরি করছে। এই হতাশার শেষ কোথায়! আমরা চাই ফেব্রুয়ারির মধ্যেই আমাদের পরীক্ষা শেষ করে বিসিএস পরীক্ষায় বসতে। 

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী রাকিবুল হক রনি বলেন, এই ব্যাচের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মহামারীর কারণে বারবার তাদের পরীক্ষায় দেরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ঠিক মতো ক্লাস-পরীক্ষা নেন না। ফলে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। এ ছাড়াও স্থগিত পরীক্ষাগুলো দ্রুত নেয়ার দাবি জানান তিনি। 

আরো পড়ুন: গেস্টরুমে ডেকে নির্যাতন, জ্ঞান হারিয়ে হাসপাতালে ঢাবি শিক্ষার্থী

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বরাবর স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ। এ সময় কয়েকজন সহকারী প্রক্টরও উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, তাদের যে দাবি সেগুলো পেয়েছি। স্মারকলিপি উপাচার্যের কাছে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!