ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

এক হাতে হিন্দু, আরেক হাতে মুসলমান, এটাই সম্প্রীতি: ডেপুটি স্পিকার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০১, ১৯ অক্টোবর ২০২৬
এক হাতে হিন্দু, আরেক হাতে মুসলমান, এটাই সম্প্রীতি: ডেপুটি স্পিকার
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘এক হাতে হিন্দু, আরেক হাতে মুসলমান, এটাই আমাদের কলমাকান্দা-দুর্গাপুর। দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাবাহিকতা আমরা রক্ষা করতে চাই।’

সোমবার দুপুরে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমী উপলক্ষে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার রামকৃষ্ণ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। কলমাকান্দায় হিন্দু-মুসলমান সবাই সমতার ভিত্তিতে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। পূজামণ্ডপগুলো ঘুরে দেখলেই বোঝা যাবে, সেখানে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই।

তিনি বলেন, ‘আমরা বলি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী হিন্দু, মুসলমান, গারো, হাজং ও খ্রিষ্টানসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এ দেশের নাগরিক। নাগরিক হিসেবে সবার সমান অধিকার রয়েছে। সেই অধিকার প্রতিষ্ঠায় তারা নিরলসভাবে কাজ করছেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। পূর্বপুরুষেরা এ দেশ স্বাধীন করেছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, দুর্গাপূজার এ শুভক্ষণে দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নিতে হবে।

এর আগে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষুশিবির পরিদর্শন করেন ব্যারিস্টার কায়সার কামাল।

ডেইলি-বাংলাদেশ/নেত্রকোনা/এমকে
ট্যাগ: পূজা
লিংক সফলভাবে কপি হয়েছে!