ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিক্ষা ]

শুক্রবার দিনব্যাপী জাবিতে হবে প্রজাপতি মেলা

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ৯ ডিসেম্বর ২০২১
শুক্রবার দিনব্যাপী জাবিতে হবে প্রজাপতি মেলা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা। ছবি : সংগৃহীত

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এ স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হতে যাচ্ছে প্রজাপ্রতি মেলা-২০২১।  প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল শুক্রবার (১০ ডিসেম্বর) প্রজাপ্রতি মেলা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা। ছবি : সংগৃহীত

প্রতি বছরের ন্যায় এবারের মেলায়ও থাকছে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা। এ ছাড়াও থাকছে প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। রয়েছে জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনের ভেতরে জীবন্ত প্রজাপতি দর্শনের ব্যবস্থা থাকবে।

এবছর করোনা পরিস্থিতির কারণে মেলাজুড়ে বাড়তি সতর্কতা থাকবে। আর এ লক্ষ্যে প্রতিবছর আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি বর্জন করা হয়েছে বলে জানান মেলার আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা। ছবি : সংগৃহীত

প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসমত আলীকে বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২১ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সমীকে বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট-২০২১ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

২০১০ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমী প্রজাপতি মেলা হয়ে আসছে। তবে করোনার কারণে গত বছর বন্ধ থেকে এবার ১১তম আসর আয়োজিত হতে যাচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ মেলা উন্মুক্ত থাকবে সবার জন্য।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!