গুচ্ছতে প্রাপ্ত নম্বর মিলে গেলে ববিতে মূল্যায়ন যেভাবে
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে ২০২০-২১ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি নেবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।
তবে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর কোনো নম্বর থাকবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার নম্বরের ওপর ভিত্তি করে এ বছর আবেদন করতে পারবেন গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা।
যদি দুই বা ততোধিক আবেদনকৃত শিক্ষার্থীর গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর একই থাকে সেক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলাফলের পর ভিত্তি করে মেধা মূল্যায়ন করা হবে।
.png)
এ বছর প্রতি ইউনিটভিত্তিক আবেদন ফি ধার্য করা হয়েছে ৫০০ টাকা করে। আবেদন করা যাবে (https://admission.bu.ac.bd) ওয়েবসাইটে। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
শাখা পরিবর্তনসহ মোট ১ হাজার ৪৪০টি আসনের বিপরীতে গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভর্তি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাখা পরিবর্তনের সুযোগসহ এ বছর এ ইউনিটের আসন সংখ্যা ৭২৬, বি ইউনিটের আসন সংখ্যা ৩৯৮ এবং সি ইউনিটের আসন সংখ্যা ৩১৬টি। এ ছাড়া ওই তিন ইউনিটের মোট আসনের (১ হাজার ৪৪০) অতিরিক্ত ৫ শতাংশ (৭২টি) বিভিন্ন কোটার আবেদনকারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।