জাবিতে ২৬৬ কোটি টাকার বাজেট, বরাদ্দ বেড়েছে গবেষণায় কমেছে চিকিৎসায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ অর্থবছরের জন্য ২৬৬ কোটি ২৪ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে।
রোববার ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বিশেষ সভায় নতুন বাজেট পাস করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আমির হোসেন।
গত অর্থবছরের থেকে এ বাজেট ১১ কোটি ৫০ লাখ টাকা কম। ২০২০-২১ অর্থবছরে মূল বাজেটের আকার ছিল ২৭৭ কোটি ৭৪ লাখ টাকা এবং সংশোধিত বাজেট ছিল ২৬৫ কোটি ১ লাখ টাকা।
নতুন বাজেটে গবেষণায় বরাদ্দ দেওয়া হয়েছে ৪ কোটি টাকা। বিগত বাজেটের থেকে নতুন বাজেটে গবেষণায় ১ কোটি টাকা বরাদ্দ বেড়েছে। এছাড়া বাজেটে চিকিৎসায় ২ কোটি ৬৩ লাখ ১ হাজার টাকা এবং ব্যবস্থাপনা খাতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩২ লাখ ৩০ হাজার টাকা। গত বাজেটের থেকে এবার চিকিৎসা খাতে ১ কোটি ৮ লাখ ৭২ হাজার টাকা বরাদ্দ কমেছে।
নতুন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ হিসেবে শিক্ষকদের বেতন ও বিভাগ খরচ খাতে ৯৩ কোটি ২৩ লাখ ৭২ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া পেনশন বাবদ ৩৪ কোটি ৮১ লাখ টাকা ও প্রশাসনিক খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৩১ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার টাকা।
বাজেটে আনুষঙ্গিক ব্যয় ধরা হয়েছে ২৪ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা, আবাসিক হল সমূহে ২৩ কোটি ৪২ লাখ ৫৪ হাজার টাকা, ভর্তি খরচ বাবদ ১২ কোটি টাকা এবং অন্যান্য ভাতায় ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা।
বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেবে ২৩৭ কোটি ৭৪ লাখ টাকা, যা মোট বাজেটের ৮৯.৩০%। এ বাজেটে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ২৮ কোটি ৫০ লাখ টাকা, যা মোট বাজেটের ১০.৭০%। গত বাজেটে ইউজিসি বরাদ্দ দিয়েছিল ২৪৯ কোটি ৭৪ লাখ টাকা। নতুন এ বাজেটে ইউজিসি বরাদ্দ কমিয়েছে ১২ কোটি টাকা।
গত অর্থবছরের বাজেটে ঘাটতি ৪০ কোটি ৯২ লাখ ৩ হাজার টাকা। এই ঘাটতি নতুন বাজেটে ঘাটতি বাজেট হিসেবে যোগ হয়েছে।
করোনাভাইরাসের কারণে এবার সিনেট সভা আয়োজন সম্ভব না হওয়ায় বিশেষ বিবেচনায় সিন্ডিকেটের মাধ্যমে এ বাজেট পাস হলো। গত বাজেটও সিন্ডিকেটে সরাসরি পাস হয়েছিল।