রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা স্থগিতাদেশ প্রত্যাহার দাবি
স্থগিত হয়ে যাওয়া পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।
এসময় ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তমালিকা হক বলেন, আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ২০১৯ সালে। দুঃখজনক হলেও সত্য এখনও সেই পরীক্ষা নেয়া হয়নি। পরীক্ষার তারিখ দেয়াতে আশার আলো দেখছিলাম, ঠিক তখনই থমকে গেলো সব।
তিনি আরো বলেন, আমাদের দুটি পরীক্ষা হয়েছে, বাকি ছিল আর একটা। পরীক্ষা শেষ না হওয়াতে এটি গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
গণিত বিভাগের শিক্ষার্থী শেখ সুমন বলেন, আমাদের হল খোলা নিয়ে কোনও দাবি নেই। আমরা মেসে থেকেই এতদিন পরীক্ষা দিচ্ছিলাম। বাকিগুলোও দেবো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আগামী তিনদিনের মধ্যে স্থগিত হওয়া পরীক্ষাগুলো আবারও চলমান চাই।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রক্টরিয়াল বডি। এসময় প্রক্টর শিক্ষার্থীদের দাবি বিবেচনা করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, হঠাৎ করে পরীক্ষা স্থগিত হওয়া শিক্ষার্থীদের জন্য পীড়াদায়ক। কোনো শিক্ষার্থীর দুইটা, কারো একটা পরীক্ষা বাকি আছে। আমি ব্যক্তিগতভাবে উপাচার্য, উপ-উপাচার্যদের সঙ্গে কথা বলেছি যেনো শিক্ষার্থীদের স্থগিত হওয়া বাকি পরীক্ষাগুলো নেওয়ার ব্যবস্থা করেন। দ্রুত পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।