কয়রায় পানিবন্দী মানুষের পাশে খুবি শিক্ষার্থীরা
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে খুলনার কয়রা উপজেলার পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির সদস্যরা।
তারা রোববার সারাদিন খুলনা জেলার কয়রা উপজেলার উত্তর বেদকাশির প্রায় এক হাজার পাঁচশ মানুষের মাঝে শীতবস্ত্র, বিনামূল্যে ওষুধ ও কিশোরী মেয়েদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছেন।
সংগঠন সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টায় প্রথম ধাপে উত্তর বেদকাশির দিঘীরপাড় এলাকায় কাঠমারচর, গাজীপাড়া, দিঘীর পাড় (পশ্চিম), শেখ সর্দারপাড়া, কাছারীবাড়ি এবং কাশিরখালধার এলাকার ৩০০ পরিবারের মাঝে কম্বল, ১০০ জনকে শীতের সোয়েটার এবং সাড়ে তিনশো জন মানুষকে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। এসময় ৫০ কিশোরীকে স্যানিটারি ন্যাপকিন দেয়া হয়েছে।
এরপরে দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত কাশিরহাটখোলা এলাকায় ১০০ পরিবারের মাঝে কম্বল এবং ২০০ মানুষকে শীতের সোয়েটার দেয়া হয়। ওই এলাকাতেও ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ২০০ মানুষকে বিনামূল্যে ওষুধ এবং ৫০ জন কিশোরীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
কাশিরহাটখোলার স্থানীয় বাসিন্দা রাধা রানী দাস বলেন, চারদিকে শুধু পানি আর পানি। এরমধ্যে শুরু হয়েছে তীব্র শীতের প্রকোপ। দেখার কেউ নাই! এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের এই বাবাগো কাছ দিয়া শীতের শোয়েটার, কম্বল আর ওষুধ পেয়ে আমাদের খুব উপকার হইলো।
সংগঠনের সভাপতি তেহসিন আশরাফ প্রত্যয় বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অসহায় এই পানিবন্দী মানুষগুলোর পাশে দাঁড়ানোর উদ্যেগ নিয়েছিলাম। খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচিতে আমাদের পাশে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে।