শেকৃবিতে সুপারফুড ফসল ‘সাউ কিনোয়া-১’ উদ্ভাবন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সাউ-কিনোয়ার নতুন জাত ‘সাউ-কিনোয়া-১’ উদ্ভাবন করেছেন কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক পরিমল কান্তি বিশ্বাস। সাউ-কিনোয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কিনোয়া দানা উৎপাদনকারী উদ্ভিদ।
শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- জাতীয় বীজ বোর্ড (এনএসবি) অনিয়ন্ত্রিত ফসলের জাত নিবন্ধনের আওতায় এ জাতটিকে ‘সাউ কিনোয়া-১ (SAU-Quinoa-1) নামে নিবন্ধন দেয়া হয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক পরিমল কান্তি বিশ্বাস অধ্যাপক পরিমল কান্তি জানিয়েছেন, খরাপ্রবণ ও লবণাক্ত অঞ্চলসহ সারাদেশে রবি মৌসুমে এ ফসলটি চাষ করা সম্ভব।
শর্করা, প্রোটিন, ভিটামিন ও খনিজে ভরপুর সাউ-কিনোয়াকে বলা হয় ‘সুপারফুড’। ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী কিনোয়া দানার পুষ্টিমানের কারণে এরইমধ্যে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থাও এর স্বীকৃতি দিয়েছে।
কিনোয়ার বৈজ্ঞানিক নাম Chenopodium quinoa; ফসলটি Amaranthaceae পরিবারভুক্ত একটি দানাশস্য।
এতে ১৪ থেকে ১৮ শতাংশ প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, জিংক, কপার, ফসফরাস, পটাশিয়াম ছাড়াও সব ধরনের প্রয়োজনীয় অ্যামাইনো এসিড রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুষ্টিগুণের কারণে খ্রিস্টপূর্ব ৫ হাজার বছর আগে থেকেই লাতিন আমেরিকাভুক্ত দেশে দানা, ফ্লেক্স, পাস্তা, রুটি, বিস্কুট, বেভারেজ হিসেবে কিনোয়া ব্যবহার করে আসছে।
বর্তমানে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, কানাডা, অষ্ট্রেলিয়া, চীন, থাইল্যান্ড, ভারতসহ ৯৫টির বেশি দেশে কিনোয়ার চাষাবাদ হচ্ছে।