নিষিদ্ধ হচ্ছে না ‘র্যাগ-ডে’, নীতিমালা মেনে পালন করা যাবে
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কথিত ‘র্যাগ-ডে’ উৎসব আয়োজন নিষিদ্ধ হচ্ছে না। তবে এর জন্য নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে বুধবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির ভুল স্বীকার করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার নতুন করে আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘র্যাগ-ডে’ নিষিদ্ধ হচ্ছে না, তবে শিক্ষা সমাপনী, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান, উৎসব ও বর্ণাঢ্য র্যালিতে অমানবিক কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
এর আগে গতকাল বুধবারে জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ‘র্যাগ-ডে’কে অমানবিক, নিষ্ঠুর ও নীতিবহির্ভুত উৎসব আয়োজন বলে মন্তব্য করে এটিকে নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার ভুল স্বীকার করে সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছিল, ‘র্যাগ-ডে’ পালনের নামে ক্যাম্পাসে বা আবাসিক হলে অমানবিক, অসৌজন্যমূলক, শৃঙ্খলা-পরিপন্থী কোনো আচরণ যাতে সংঘটিত না হয়, কর্তৃপক্ষকে সতর্ক নজর রাখার জন্য বলা হয়। ‘শিক্ষা সমাপনী’, গ্র্যাজুয়েশন উৎসব পালনের লক্ষ্যে অনুষ্ঠান আয়োজনের জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘র্যাগ-ডে’ উদযাপন করতে গিয়ে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাই যেসব উদযাপন এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয় সেগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে মার্জিত উপায়ে আয়োজিত বিদায় অনুষ্ঠান বা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে কোনো বাধা থাকবে না।
নীতিমালা প্রণয়নের লক্ষ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানা যায়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, কলা অনুসদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন এবং প্রক্টর ড. এ কে এম গোলাম রব্বানী।