লিথুয়ানিয়ার চাওয়া বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, এফবিসিসিআই চায় সহজ ভিসা
বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে উত্তর-পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়া। অন্যদিকে দেশটির সাথে বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস। এফবিসিসিআই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৈঠকে লিথুয়ানিয়ার এই আগ্রহকে স্বাগত জানিয়ে এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশ লিথুয়ানিয়ার উন্নত প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ লাভবান হতে পারে। তবে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিন্ন দেশে গিয়ে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা বেশ কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। তাই দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে তিনি দেশটির ভিসাপ্রক্রিয়া সহজ করার ওপর জোর দেন।
লিথুয়ানিয়ার পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস জানান, ইউরোপের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাজার সম্প্রসারণ তাদের মূল লক্ষ্য। বাংলাদেশ এই অঞ্চলের একটি কৌশলগত বাণিজ্যকেন্দ্র। তিনি আশ্বস্ত করেন যে, ঢাকায় ভিসা সেবাকেন্দ্র চালু করা কিংবা শেনজেনভুক্ত অন্য কোনো দেশের কনস্যুলেটের মাধ্যমে ভিসা জটিলতা সহজ করার উপায় খুঁজছে লিথুয়ানিয়া।
একই সাথে আগামী বছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিতব্য ‘ডিজিটেক সামিট’ ও ‘ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধিদলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান ভাইস মিনিস্টার।
উক্ত সৌজন্য সাক্ষাতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, ভারতে নিযুক্ত লিথুয়ানিয়ার ডেপুটি হেড অব মিশন লুকাস কিসিয়েলিউস এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্দো-প্যাসিফিক রিজিওন ডিপার্টমেন্টের অ্যাটাচে ক্রিসটিনা।