পুঁজিবাজারে আস্থা ফেরাতে নতুন বিধিমালা
পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও সাধারণ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সব অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হোসেন সাদাত।
তিনি জানিয়েছেন, বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, পেশাজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত ও চূড়ান্ত ‘বিএসইসি করপোরেট সুশাসন বিধিমালা’ জারি করা হবে।
.png)
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশে করপোরেট গভর্ন্যান্স শক্তিশালীকরণ: প্রস্তাবিত বিএসইসি করপোরেট গভর্ন্যান্স বিধিমালা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হোসেন সাদাত বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং মানসম্পন্ন নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করা বিএসইসির অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নীতিমালা প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, এরই মধ্যে আইপিও রুলস, মার্জিন রুলস ও ডাইরেক্ট লিস্টিং নীতিমালায় প্রয়োজনীয় সংস্কার আনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং বিএসইসির মধ্যে আন্তঃনিয়ন্ত্রক সমন্বয়ের মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমানোর উদ্যোগ চলছে।
বিএসইসি কমিশনার আরও জানান, এসব উদ্যোগের ফলে আন্তর্জাতিক আর্থিক মূল্যায়ন সংস্থা জেপি মরগান আগামী নভেম্বর থেকে বাংলাদেশের পুঁজিবাজারকে তাদের সূচকে পুনরায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জানতে পেরেছেন। তার মতে, এতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেসের পার্টনার জারিন মাহমুদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক স্নেহাশিষ বড়ুয়া।
গোলটেবিল আলোচনায় অংশ নেওয়া বিশেষজ্ঞরা বলেন, শুধু কাগজে-কলমে নিয়ম মেনে চলা বা ‘টিক-বক্স’ কমপ্লায়েন্সের মাধ্যমে কার্যকর করপোরেট সুশাসন নিশ্চিত করা যায় না। তালিকাভুক্ত কোম্পানিতে স্বাধীন পরিচালকদের প্রকৃত দক্ষতা, মূল্যায়ন ও কৌশলগত ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।
এ ছাড়া সম্পর্কিত পক্ষের লেনদেনে স্বচ্ছতা, স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন এবং কোম্পানিগুলোর জন্য সাইবার নিরাপত্তা অডিট বাধ্যতামূলক করার সুপারিশও করেন আলোচকরা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ড. মেলিতা মেহজাবীন, আইসিএসবির কাউন্সিল মেম্বার এম নুরুল আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ এ মামুন, আইএফসির করপোরেট গভর্ন্যান্স অ্যাডভাইজরি লিড লোপা রহমান, বিশ্বব্যাংকের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত এবং ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের সভাপতি মুনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিবসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।