ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি
ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসায় প্রবেশ করতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। এ লক্ষ্যে ‘ইসলামিক ফাইন্যান্স উইং’-এর মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৭ সেপ্টেম্বর) কোম্পানির দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
.png)
আইপিডিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্ত ও বিধিবিধান পূরণ সাপেক্ষে এ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদনের আগে প্রয়োজনীয় সাংগঠনিক ও পরিচালন কাঠামো প্রস্তুত করবে প্রতিষ্ঠানটি।
এর অংশ হিসেবে আইপিডিসি তাদের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন সংশোধন করবে। একই সঙ্গে একটি স্বতন্ত্র শরিয়াহ সুপারভাইজরি কমিটি গঠন, পৃথক ইসলামিক ফাইন্যান্স বিভাগ চালু এবং ইসলামি অর্থায়নের তহবিল আলাদাভাবে পরিচালনার ব্যবস্থা করা হবে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় নীতিমালা ও অপারেশনাল ম্যানুয়াল বাস্তবায়ন করবে কোম্পানিটি। পাশাপাশি ইসলামি অর্থায়ন কার্যক্রমের জন্য পৃথক হিসাব ব্যবস্থাও চালু করা হবে।
আইপিডিসি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত সব শর্ত পূরণ করার পর ইসলামি শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা শুরু করতে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করা হবে।
চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ‘ইসলামিক ফাইন্যান্স উইং’-এর মাধ্যমে শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম পরিচালনা করবে আইপিডিসি।