ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

এসএমইদের জন্য রানার-এমটিবির নতুন উদ্যোগ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬
এসএমইদের জন্য রানার-এমটিবির নতুন উদ্যোগ
সংগৃহীত ছবি

রানার মোটরস পিএলসি থেকে বাণিজ্যিক যানবাহন কেনায় গ্রাহকদের সহজ অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ও রানার মোটরস পিএলসির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

লজিস্টিকস, পরিবহনসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) এবং করপোরেট গ্রাহকদের জন্য সহজ ও সুসংগঠিত অর্থায়ন সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

Advertisement

গত ২০ সেপ্টেম্বর গুলশানে এমটিবির করপোরেট হেড অফিসের এমটিবি সান বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এমটিবির পক্ষে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ এবং রানার মোটরসের পক্ষে প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাজেশ কুমার যাদব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন ফারুক, এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে, এসএমই-সিআরএম প্রধান ইফতেখার আজিজসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, রানার মোটরস বাণিজ্যিক যানবাহন কিনতে আগ্রহী সম্ভাব্য এসএমই ও করপোরেট গ্রাহকদের অটো লিজ ফাইন্যান্সিংয়ের জন্য এমটিবির কাছে রেফার করবে।

এছাড়া প্রযোজ্য যোগ্যতা ও নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা অনুসরণ করে ভবিষ্যতে বৈদ্যুতিক (ইভি) যাত্রীবাহী যানবাহনেও অর্থায়নের সুযোগ তৈরিতে এ উদ্যোগ সহায়ক হবে।

এমটিবি ও রানার মোটরসের যৌথ এ উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং অটোমোবাইল খাতের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!