ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকা থেকে খুলনার শীর্ষ সন্ত্রাসী শুটার ইমরানসহ গ্রেপ্তার ৫
খুলনার শীর্ষ সন্ত্রাসী বি-কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক সরবরাহের হোতা হিসেবে পরিচিত শুটার ইমরানসহ পাঁচজনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ইমরান (৪০) খুলনার সন্ত্রাসী গ্রুপ বি-কোম্পানির প্রধান গ্রেনেড বাবুর ডানহাত হিসেবে পরিচিত। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমন খান (২১), মো. আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তাদের সবার বাড়ি খুলনার রূপসা উপজেলায়।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৯ নভেম্বর) এসআরবি-৬ এর মিডিয়া অফিসার সৈয়দ ফজলুর রহমান তথ্য জানান।
এসআরবি ফোর্সেসের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ইমরান ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যা, খুলনা সদর থানায় অস্ত্র মামলা এবং গোপালগঞ্জ সদর থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া খুলনা মহানগরী ও জেলার রূপসা, তেরখাদা এবং দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধে তাদের জড়িত থাকার তথ্য রয়েছে বলে জানানো হয়েছে।
অভিযানকালে তাদের তল্লাশি করে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র-গুলিসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি ফোর্সেস।