ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
আটক ৫

তিন দিনের সংঘর্ষের পরও থমথমে বেড়া, আতঙ্কে বাসিন্দারা

বেড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ২২ নভেম্বর ২০২৬
তিন দিনের সংঘর্ষের পরও থমথমে বেড়া, আতঙ্কে বাসিন্দারা
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার বেড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের পরও পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে সহিংসতার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। লুটপাট ও অগ্নিসংযোগের ভয়ে অনেকে বাড়ির আসবাবপত্র ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। ব্যবসায়ীরাও দোকানের মালামাল সরিয়ে নিচ্ছেন। নিরাপত্তার কারণে পৌর এলাকার কয়েকটি বিদ্যালয়ের চলমান পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে বেড়ার বৃশালিখা গ্রামে গিয়ে দেখা যায়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির পাশের গ্রামের প্রধান প্রবেশপথ বাঁশের প্রতিবন্ধক দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। সড়ক ও অলিগলিতে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইটপাটকেল। বৃশালিখা, পায়না, হাতিগাড়া, সওদাগরপাড়া ও সান্যালপাড়া এলাকার রাস্তাঘাট প্রায় জনশূন্য। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট। তবে বেড়া সিঅ্যান্ডবি বাজার এলাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে।

টানা সংঘর্ষে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। রোববার সকালে পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেড়া হাই স্কুলের কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিতে এসে তা স্থগিতের খবর পেয়ে মন খারাপ করে বাড়ি ফিরে যায়। শিক্ষার্থীরা জানায়, কয়েক দিন ধরে সংঘর্ষের আতঙ্কে তারা ঠিকমতো পড়াশোনা করতে পারেনি। নিরাপত্তার কারণে পরীক্ষা স্থগিতের খবর না জানায় অনেকে বিদ্যালয়ে এসে ফিরে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে হাতিগাড়া মহল্লার জিসান নামে এক যুবক দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ সমর্থককে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের সমর্থনে বেড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভার পায়না, শম্ভুপুর ও বৃশালিখা এলাকায় মিছিল বের করা হয়। ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল নিয়ে বেড়া মডেল থানার সামনে অবস্থান করে স্লোগান দেন। এ সময় থানার ফটকে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। ওই রাতেই উভয় পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর জেরে শনিবার (২১ নভেম্বর) সকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশ্রাফ উপস্থিত ছিলেন। তবে সভা শেষ হওয়ার আগেই বৃশালিখা, সান্যালপাড়া, শম্ভুপুর ও পায়না এলাকায় দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ সন্ধ্যা পর্যন্ত চলে। পরে রাতে বেড়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়।

বেড়া বাজার এলাকার এক ব্যবসায়ী বলেন, বৃশালিখা ও সওদাগরপাড়ার সংঘর্ষস্থল বাণিজ্যিক প্রাণকেন্দ্রের খুব কাছাকাছি। এ কারণে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ পূর্বপরিকল্পিতভাবে বেড়াকে অশান্ত করে রেখেছে। তবে বিএনপি ও সাধারণ মানুষ শান্ত রয়েছেন।

বেড়া মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ইতোমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। এলাকায় জোরদার পুলিশি টহল চলছে।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সড়কের মোড়ে মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ডিবি পুলিশসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকার কয়েকটি বিদ্যালয়ের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে প্রশাসনের কর্মকর্তারাও মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!