ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

অবহেলায় মলিন দুই শতাব্দীর বটবৃক্ষ, সংরক্ষণের দাবি

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
অবহেলায় মলিন দুই শতাব্দীর বটবৃক্ষ, সংরক্ষণের দাবি
ছবি: ডেইলি বাংলাদেশ

দুই একরেরও বেশি জায়গাজুড়ে বিস্তৃত বিশাল এক বটবৃক্ষ। চারদিকে ছড়িয়ে আছে অসংখ্য ডালপালা, মাটি ছুঁয়ে নেমে এসেছে ঝুরি। স্থানীয় প্রবীণদের ধারণা, গাছটির বয়স দুই শতাব্দীরও বেশি। প্রতিবছর দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ গাছটি দেখতে আসেন। অথচ যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে খাগড়াছড়ির মাটিরাঙ্গার প্রাচীন এই প্রাকৃতিক নিদর্শন হারাচ্ছে তার সৌন্দর্য।

মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়ার কাছে আলুটিলা বটতলী এলাকায় গাছটির অবস্থান। এর নাম থেকেই এলাকার নাম হয়েছে বটতলী। স্থানীয় মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের সঙ্গেও জড়িয়ে আছে প্রাচীন এই বৃক্ষ।

গাছটির চারপাশে রয়েছে বিশাল খেলার মাঠ। পাশেই আলুটিলা বটতলী উচ্চবিদ্যালয় ও আলুটিলা বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান ছাড়াও মাঠটিতে নিয়মিত ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন খেলা হয়। ফলে এটি শুধু পর্যটকদের আকর্ষণ নয়, স্থানীয় মানুষের মিলনমেলা ও বিনোদনেরও অন্যতম জায়গা।

সরেজমিনে দেখা গেছে, একসময়ের দৃষ্টিনন্দন স্থানটি এখন অনেকটাই অবহেলিত। ঝড়ে গাছের বড় একটি অংশ ভেঙে পড়ায় এর স্বাভাবিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শনার্থীদের বসার স্থানগুলো ভঙ্গুর, দুটি ছাউনিও নাজুক অবস্থায় রয়েছে। চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে পশুপাখির বিষ্ঠা। অন্য পাশে যাতায়াতের জন্য নির্মিত লোহার সেতুটিও ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা কিংবা সৌন্দর্যবর্ধনে কোনো উদ্যোগ চোখে পড়েনি।

তবু প্রতিদিন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা এখানে আসেন। কেউ গাছের শীতল ছায়ায় বিশ্রাম নেন, কেউ ঘুরে দেখেন এর বিশাল বিস্তৃতি। অনেকে স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন। ঝরা বটপাতায় গাছতলার পথ সোনালি-বাদামি রঙের গালিচার মতো হয়ে থাকে। তবে আবর্জনা ও বসার উপযুক্ত ব্যবস্থা না থাকায় দর্শনার্থীদের বেশিক্ষণ অবস্থান করা হয় না।

স্থানীয়দের ভাষ্য, প্রায় দুই বছর আগে ঝড়ে গাছটির সামনের দিকের বড় একটি অংশের ডালপালা ও শিকড় উপড়ে পড়ে। এতে গাছটির বিস্তৃতি কমে যাওয়ার পাশাপাশি নষ্ট হয় দীর্ঘদিনের সৌন্দর্য। এরপর গাছটির পরিচর্যা কিংবা আগের সৌন্দর্য ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

গাছটি সংরক্ষণ ও এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে একসময় উদ্যোগ নিয়েছিল উপজেলা প্রশাসন। ২০১৪ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানের উদ্যোগে গাছের চারপাশ পরিষ্কার, বসার স্থান, দুটি ছাউনি ও একটি সেতু নির্মাণসহ সৌন্দর্যবর্ধনের প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের কিছু কাজ বাস্তবায়িত হলেও ধারাবাহিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে সেসব উদ্যোগের সুফল ধরে রাখা সম্ভব হয়নি।

গাছটি কে রোপণ করেছিলেন কিংবা এর প্রকৃত বয়স কত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। বটতলী গ্রামের প্রবীণ বাসিন্দা রমুজা বেগমের দাবি, গাছটির বয়স দুই শ বছরের বেশি। তার মতো অনেকের কাছেই এটি এলাকার ইতিহাস ও স্মৃতির অবিচ্ছেদ্য অংশ।

বটবৃক্ষটিকে ঘিরে প্রচলিত রয়েছে নানা লোকবিশ্বাস। একসময় গাছটিকে কেন্দ্র করে ভূত-প্রেতের ভয় ও বিভিন্ন কুসংস্কার থাকলেও সময়ের সঙ্গে তা অনেকটাই কমেছে। স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর বিশেষ করে ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের কিছু মানুষ গাছের নিচে পূজা-অর্চনা করেন। তাদের বিশ্বাস, এতে বিভিন্ন রোগ-ব্যাধি থেকে আরোগ্য মেলে। সনাতন ধর্মাবলম্বীরাও বিভিন্ন ধর্মীয় উৎসবে গাছটিতে ফুল দিয়ে পূজা করেন। এভাবে স্থানীয় মানুষের বিশ্বাস, লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মিশে আছে প্রাচীন এই বটবৃক্ষ।

প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব, ধর্মীয় সম্পৃক্ততা ও খেলাধুলার পরিবেশ মিলিয়ে বটতলীকে মাটিরাঙ্গার অন্যতম পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। এ জন্য প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ। বৈজ্ঞানিক পদ্ধতিতে গাছের পরিচর্যা, ঝুঁকিপূর্ণ ডালপালা ও অংশের নিরাপত্তা নিশ্চিত করা, বসার স্থান ও ছাউনি সংস্কার, সেতু মেরামত এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে স্থানটি নতুন রূপ পেতে পারে।

স্থানীয় বাসিন্দা সুলতান আহাম্মদ বলেন, ‘সঠিক পরিকল্পনা ও যত্ন নিলে এই স্থান একদিন আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হতে পারে। প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজের মাধ্যমে একে নতুন করে সাজাতে হবে। এতে পর্যটন-সম্ভাবনার সঠিক ব্যবহার হবে, পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন ও যোগাযোগব্যবস্থারও উন্নতি হবে বলে আমরা আশা করি।’

আলুটিলা বটতলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ বলেন, ‘এই বটগাছের সামনেই দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। অবসরে শিক্ষার্থীরা এর শীতল ছায়ায় আড্ডা দেয়। এখানে দোলনাসহ শিশুবিনোদনের উপকরণ বসানো হলে তাদের আনন্দ আরও বাড়ত। পরিকল্পিত উন্নয়নে স্থানটি শুধু পর্যটনকেন্দ্র নয়, স্থানীয় অর্থনীতি ও এলাকার সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখবে।’

পরিবেশকর্মী ও অভিযাত্রী মাহফুজ আহামেদ রাসেল বলেন, গাজীনগর বটতলীর শতবর্ষী বটগাছটি কেবল একটি গাছ নয়, এটি প্রাকৃতিক ঐতিহ্য এবং অসংখ্য পাখি, বন্যপ্রাণী ও কীটপতঙ্গের নিরাপদ আশ্রয়। দূরদূরান্ত থেকে পর্যটকেরা এটি দেখতে আসেন। কয়েক বছর আগে ঝড়ে গাছটির একটি অংশ ভেঙে পড়ে। সুরক্ষার অভাবে ডালপালাগুলো এখন ঝুঁকিতে রয়েছে। শিশুদের দোলনার কারণে নতুন ঝুরি ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই ঝুঁকিপূর্ণ ডালপালা রক্ষায় সহায়ক পিলার স্থাপন এবং গাছের চারপাশে বেষ্টনী নির্মাণের জন্য প্রশাসন ও বন বিভাগের প্রতি আহ্বান জানান তিনি। এতে নতুন ঝুরিগুলো নিরাপদে মাটিতে পৌঁছে প্রাকৃতিক স্তম্ভে পরিণত হতে পারবে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, ‘মাটিরাঙ্গার প্রাকৃতিক ঐতিহ্যের অনন্য নিদর্শন ও পর্যটনের সম্ভাবনাময় কেন্দ্র এই বটগাছ। এর সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি দর্শনার্থীদের বসার উপযোগী পরিবেশ গড়ে তোলার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে স্থানটিকে আরও নান্দনিক ও দর্শনার্থীবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে।’

স্থানীয়দের প্রত্যাশা, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে প্রাচীন বটবৃক্ষটির ঐতিহ্য ও সৌন্দর্য রক্ষা পাবে। অবহেলায় হারিয়ে যাওয়ার আগেই যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করা হলে প্রকৃতির এই অনন্য নিদর্শন টিকে থাকবে আরও বহু বছর।

ডেইলি-বাংলাদেশ/মাটিরাঙ্গা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!