ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
কোনাবাড়ী ফ্লাইওভারে ‘বিস্ফোরণ’ সতর্কবার্তাসহ লাল বক্স
গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে বিস্ফোরণের সতর্কবার্তা লেখা একটি লাল বক্স পড়ে থাকাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বক্সটির বাইরে বৈদ্যুতিক তারের মতো বস্তু বের হয়ে থাকতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। সম্ভাব্য বিস্ফোরক থাকার আশঙ্কায় পরীক্ষা-নিরীক্ষার জন্য খবর দেওয়া হয়েছে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে বক্সটি দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ওপর পড়ে থাকা লাল বক্সটির বাইরে তার বের করা রয়েছে। বক্সের ওপরে সাদা কাগজে লেখা রয়েছে, ‘সতর্ক বার্তা, বিস্ফোরণ’। এর নিচে ‘এমকে ডট’ লেখা রয়েছে। এমন সতর্কবার্তা ও বক্সের বাইরে তার দেখতে পেয়ে সেটিতে বোমা বা ককটেল থাকতে পারে বলে আশঙ্কা ছড়িয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে বক্সটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে বোমাসদৃশ একটি লাল বক্স পড়ে থাকার খবর পেয়েছেন তাঁরা। এ ধরনের বস্তু পরীক্ষা করার বিশেষজ্ঞ পুলিশ সদস্যদের কাছে না থাকায় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।
তবে বক্সটির ভেতরে প্রকৃতপক্ষে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।