ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চিনিশিল্পকে লাভজনক করা হবে: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ১৩ নভেম্বর ২০২৬
চিনিশিল্পকে লাভজনক করা হবে: হুইপ দুলু
নাটোর চিনিকলের আখ মাড়াই মৌসুম উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

দেশের চিনিশিল্পকে লোকসানের বোঝা থেকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 

তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে বর্তমান সরকার ইতোমধ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর) নাটোর চিনিকলের চলতি মৌসুমের আখমাড়াই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু জানান, বর্তমান সরকার চিনিশিল্পকে লাভজনক করতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে। একই সঙ্গে আখের ক্রয়মূল্য বৃদ্ধি, আখচাষীদের প্রণোদনা প্রদান এবং নতুন জাতের বীজ ও প্রযুক্তি উদ্ভাবন করে কৃষক পর্যায়ে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
চিনিকল বেসরকারীকরণের প্রসঙ্গে তিনি বলেন, “অতীতে চিনিকলগুলো বেসরকারি মালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে। এর পরিবর্তে চিনিকলগুলোকে বহুমুখীকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে সারা বছর ধরে চিনিকলের কারখানা সচল থাকবে এবং কর্মরত মৌসুমী শ্রমিকদের সারা বছর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ।

কর্তৃপক্ষ জানায়, চলতি মৌসুমে নাটোর চিনিকলে মোট ৯০ হাজার টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর থেকে ৫ হাজার ৫শ ৮০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রয়েছে, যেখানে চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। মোট ৬৫ দিন এই মাড়াই কার্যক্রম চলবে।

ডেইলি-বাংলাদেশ/নাটোর/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!