ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মহাসড়কে মিছিল, ছাত্রলীগ ও যুবলীগের আরও ৩ কর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১১, ৩০ অক্টোবর ২০২৬
মহাসড়কে মিছিল, ছাত্রলীগ ও যুবলীগের আরও ৩ কর্মী গ্রেপ্তার
গ্রেফতারকৃত ৩ আসামী

সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশভ্যানের সামনে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই মিছিলে অংশগ্রহণকারী ৭ জন গ্রেপ্তার হলো।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে মো. হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১), পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী আশরাফুল ইসলাম সোহাগ (২৮) ও রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭)।


সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তারা তিনজনই বুধবার ভোরে মহাসড়কের ওই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


ওসি আরও বলেন, আটক দুই যুবলীগ নেতাকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ও ছাত্রলীগ নেতা সাজুকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!