ঢাকা,  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল

সময় ৩১ অক্টোবর পর্যন্ত
ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ৩০ অক্টোবর ২০২৬
সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল
ছবি: সংগৃহীত

সরকারি বাসা বা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে অন্যের কাছে পুরো বাসা কিংবা এর কোনো অংশ ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল করা হবে। এ ধরনের বাসায় থাকা ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে ৩১ অক্টোবরের মধ্যে সরিয়ে দিয়ে বরাদ্দ পাওয়া ব্যক্তিকে নিজে বসবাসের নির্দেশ দিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর।

নির্দেশ অমান্য করলে বরাদ্দ বাতিলের পাশাপাশি বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জাহিরুল ইসলাম খানের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি পরিদর্শনে দেখা গেছে, বরাদ্দ পাওয়া কয়েকজন ব্যক্তি তাদের বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা পুরো বাসা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে এ ধরনের কার্যক্রমকে বাংলাদেশ বরাদ্দ বিধিমালা ১৯৮২-এর পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। ইতোমধ্যে যারা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ কিংবা পুরোটা অন্যের কাছে ভাড়া বা সাবলেট দিয়েছেন, তাদের ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরিয়ে দিয়ে বরাদ্দ পাওয়া বাসায় নিজে বসবাস করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের পর কোনো বাসা বা ফ্ল্যাট ভাড়া বা সাবলেট দেওয়ার প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী আর কোনো নোটিশ ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে বলে সতর্ক করেছে পরিদপ্তর। একই সঙ্গে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ বরাদ্দ বিধিমালার ১৪(৩) বিধি অনুযায়ী, সংশ্লিষ্ট বরাদ্দগ্রহীতার দপ্তরপ্রধান ও নিয়োগকারী কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!