ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ২৭ অক্টোবর ২০২৬
রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি
আহত যুবক আমির হোসেন লিটন ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্র পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্য দিবালোকে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

লিটন জানান, রাজবাড়ী আদালতে একটি মামলায় হাজিরা শেষে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় করে শহরের কাপড়ের বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পান্না চত্বর পার হয়ে পৌর ইউ মার্কেটের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাদের রিকশার গতিরোধ করে। এ সময় অটোরিকশার ভেতর থেকে তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়।
এর মধ্যে একটি গুলি তার ডান হাতে লাগে। বাকি দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
লিটনের সঙ্গে থাকা হাসু জানান, একটি গুলি তার পেট ঘেঁষে চলে যায়। তবে এতে তার কোনও ক্ষতি হয়নি।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘এক্স-রে করে দেখা গেছে, গুলিটি লিটনের হাতের মাংসের মধ্যে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।’

ডেইলি-বাংলাদেশ/রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!