ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিজয়নগরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, চাচাতো ভাই আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ২৭ অক্টোবর ২০২৬
বিজয়নগরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, চাচাতো ভাই আটক
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর মো.আজিম নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে
উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের পুকুরের ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।  মৃত মোঃ আজিম (৩০) ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। এ ঘটনায় আজিমের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। তিনি হাসেম মিয়ার ছেলে।
জানা যায়, গত শনিবার ( ২৪অক্টোবর)  ভোর সাড়ে ৫টার দিকে নিজ এলাকা থেকে নিখোঁজ হন আজিম। নিখোঁজ হওয়ার দিন ভোরে আটক রফিকুল ইসলামের মোবাইল ফোনে তার সর্বশেষ যোগাযোগ হয়। সোমবার রাতে রফিকুল ইসলামের বাড়ির সামনের রাস্তায় দুর্গন্ধ ভেসে আসে। খোঁজাখুঁজি করে পুকুর পাড়ের ঝোঁপ থেকে আজিমের লাশ পাওয়া যায়। খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে।
বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। সে প্রাথমিকভাবে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

ডেইলি-বাংলাদেশ/বি.বাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!