ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নালিতাবাড়ীতে চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ২২ অক্টোবর ২০২৬
নালিতাবাড়ীতে চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ
স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় সোহান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ।

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশাচালকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় সোহান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। সোহান ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কয়ড়াকুড়ি গ্রামের অটোরিকশাচালক খলিলুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে পাশের ভটপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে বাড়িতে ফিরে তারা ঘরের প্লাস্টিকের ওয়্যারড্রোবে রাখা এক জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ২০ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর সোহান প্রকাশ্যে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে পরে সে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তির নাম বলায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। একপর্যায়ে খলিলুর রহমানের প্রতিবেশী স্যানিটারি ও বৈদ্যুতিক মিস্ত্রি মুক্তার হোসেনের নামও উল্লেখ করে সে।

এদিকে, চুরির ঘটনায় মুক্তারকে দায়ী করে একটি চক্র তার ওপর চাপ সৃষ্টি করে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীকে প্রতিকার পাইয়ে দেওয়ার আশ্বাসে তার কাছ থেকে বিভিন্ন সুবিধা নেওয়া এবং ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে কমিশন নেওয়ার চুক্তির অভিযোগও করেছেন স্থানীয়রা। এসব কারণে প্রকৃত অপরাধী শনাক্তের বিষয়টি জটিল হয়ে পড়ে বলে তাদের দাবি।

স্থানীয় সূত্র আরও জানায়, সোহান একসময় মুক্তারের সহযোগী হিসেবে মিস্ত্রির কাজ করত। টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে মুক্তারকে চুরির ঘটনায় ফাঁসাতে সোহান তার নাম জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আফসান আল আলম বলেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে এ ঘটনায় জড়ানো হয়ে থাকলে তাকে হয়রানি করা হবে না।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!