ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায় চার অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৬, ২২ অক্টোবর ২০২৬
পাবনায় চার অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চারটি দেশীয় ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের জনি কাজী (২৮), ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামের জলিল মন্ডল (২৮) ও একই ইউনিয়নের মিরপুর গ্রামের বাবলু মন্ডল (২৬)।

সংবাদ সম্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রকিবুল হাসান ইবনে রহমান জানান, বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরঘোষপুরে প্রথম অভিযান চালানো হয়। এ সময় দুটি ওয়ান শুটারগান, আট চেম্বারবিশিষ্ট একটি বিদেশি .২২ বোরের রিভলবার, ১০ রাউন্ড তাজা গুলি ও অস্ত্র বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলাল শেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করা হয়।

এরপর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর এবং সুজানগর উপজেলার নাজিরগঞ্জ বাজার এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় আরও দুটি দেশীয় ওয়ান শুটারগান ও দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এসব ঘটনায় জলিল মন্ডল ও বাবলু মন্ডলকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় একজন পালিয়ে যান।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলা ছিল। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে রহমান জানান, পৃথক দুই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
ট্যাগ: পাবনা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!