ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায় শতাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বীকে পূজার বস্ত্র উপহার

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ১৬ অক্টোবর ২০২৬
পাবনায় শতাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বীকে পূজার বস্ত্র উপহার
শতাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে নতুন বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়।

পাবনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শতাধিক অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অব পাবনা। শুক্রবার সকালে শহরের কসাইপট্টি এলাকায় রোটারি ক্লাবের কার্যালয়ে ‘পূজা বস্ত্র বিতরণ ২০২৬’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ আলহাজ মাহাতাব উদ্দিন বিশ্বাস। তিনি রোটারি ক্লাব অব পাবনার চার্টার্ড প্রেসিডেন্ট এবং মাহাতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

প্রধান অতিথির বক্তব্যে মাহাতাব উদ্দিন বিশ্বাস বলেন, পাবনায় ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের গৌরবময় ঐতিহ্য রয়েছে। এ ঐতিহ্য অক্ষুণ্ণ রাখা সবার নৈতিক দায়িত্ব। মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে পরস্পরের ধর্মীয় উৎসবে আন্তরিকভাবে অংশ নিয়ে আসছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক ও অধ্যাপনা জীবনে তিনি পাবনাকে দেশের অন্যতম অসাম্প্রদায়িক ও সম্প্রীতির শহর হিসেবে দেখেছেন। ব্যক্তিগতভাবেও এ ঐতিহ্য ধরে রাখতে তিনি কাজ করে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এ এইচ এম রেজাউল জুয়েল ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চল প্রতিনিধি উৎপল মির্জা।

এ সময় রোটারি ক্লাব অব পাবনার সাবেক সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু, রোটারিয়ান আলতাফ হোসেন, শফিকুর রহমান শান্ত ও মিজানুর রহমানসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহরের শতাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের হাতে শারদীয় দুর্গাপূজার উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকেরা জানান, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য জোরদার করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!