ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় গরু ব্যবসায়ীদের ২০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৪

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪২, ১৯ অক্টোবর ২০২৬
মাটিরাঙ্গায় গরু ব্যবসায়ীদের ২০ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গরু ব্যবসায়ীদের মারধর করে ২০ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত চারটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন, দুটি চাকু ও নগদ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার বিকেল থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মাটিরাঙ্গার বেলছড়ি আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে আলী হোসেন (২৪), একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া ওরফে নয়ন (২৬), খোদাছড়া খালেক লিডার পাড়ার আব্দুল হালিমের ছেলে আবু মুছা (২৭) এবং মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার হোসেন ইসলামের ছেলে নোমান ইসলাম রাব্বি (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের ভূজপুর বাগানবাজার এলাকার গরু ব্যবসায়ী আবু আহম্মদ মঞ্জু ও তার ছেলে কামরুল হাসান হৃদয় (২২) দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করেন। গত ১২ অক্টোবর সকালে তারা মোটরসাইকেলে রামগড় সীমান্ত সড়ক দিয়ে মাটিরাঙ্গার তাইন্দং বাজারে গরু কিনতে যাচ্ছিলেন।

পথে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চালিতাছড়া এলাকার ‘শয়তানের টিলা’ নামক স্থানে পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় ব্যবসায়ী বাবা-ছেলেকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাদের কাছে থাকা ২০ লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাতপরিচয় ছয়জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তে নেমে সাত দিনের মধ্যে চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ওসি সাহেদ উদ্দিন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাটিরাঙ্গা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!