সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন, খুনিদের গ্রেপ্তারের দাবি
নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাটোরে কর্মরত সাংবাদিকরা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন তারা।
রোববার (১৮ অক্টোবর) নাটোর শহরের পুরাতন বাসটার্মিনালে ‘নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে গুলি করে হত্যা পেশাদার সাংবাদিকতার ওপর গুরুতর আঘাত। দেশে বারবার সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটলেও যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা অবিলম্বে আলিফ হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও বলেন, স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে হলে সারাদেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় নাটোরসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন রেজাউল করিম রেজা, কামাল হোসেন, গোলাম রব্বানি, গোলাম গাউস, হালিম খান, আল মামুন, নাজমুল হাসান, বুলবুল আহমেদ, দেবাশীষ সরকার, পরিতোষ অধিকারী ও নাসিম উদ্দিন নাসিমসহ নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।