বিএনপির জয়ে হিন্দু সম্প্রদায়ের বড় অবদান রয়েছে: বিদ্যুৎমন্ত্রী
বিএনপির নির্বাচনী বিজয়ে হিন্দু সম্প্রদায়ের বড় অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, অতীতে যেসব কেন্দ্রে তিনি জয়ী হতে পারেননি, সেসব কেন্দ্রেও এবার হিন্দু সম্প্রদায়ের ভোটে জয় পেয়েছেন।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের আল মাহমুদ অ্যাভিনিউয়ে নিজের বাসভবনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘আমি ভোটে জিতেছি, তার মধ্যে বেশির ভাগই ভোট ছিল হিন্দু সম্প্রদায়ের। আমি আগে যেসব কেন্দ্রে জিততে পারিনি, সেখানে হিন্দুদের ভোটেই জিতেছি। আপনারা এবার দলে এসেছেন, আপনাদের ধরে রাখার দায়িত্ব আমাদের।’
বিদ্যুৎমন্ত্রী বলেন, গত সাত মাসে সরকার সনাতন সম্প্রদায়ের জন্য যেসব উদ্যোগ নিয়েছে, আগের ১৫ বছরেও তা করা হয়নি বলে তিনি মনে করেন। দৃষ্টান্ত স্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন সরকারপ্রধান পূজামণ্ডপে ঘুরে বেড়াবেন, এমন দৃষ্টান্ত তৈরি করা হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পেছনে হিন্দু সম্প্রদায়ের বড় অবদান রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। প্রধানমন্ত্রীসহ বিএনপির নেতারাও এ বিষয়ে একমত।
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলেও জানান মন্ত্রী।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুসহ সনাতন সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।